গণভোটই নির্ধারণ করবে স্কটল্যান্ডের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গড়ার যে স্বপ্ন স্কটিশ নাগরিকেরা দীর্ঘদিন ধরে লালন করে আসছেন, সেই স্বপ্ন সফল হবে কি না, তা নির্ধারিত হতে যাচ্ছে ১৮ সেপ্টেম্বর। ওই দিন স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট হবে।

স্কটল্যান্ডের স্বাধীনতা আন্দোলনের নেতা ও ফার্স্ট মিনিস্টার আলেক্স স্যালমন্ড দাবি করেছেন, স্কটল্যান্ড ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। তবে সাম্প্রতিক জরিপ বলছে ভিন্ন কথা।

আজ শুক্রবার এএফপির খবরে জানানো হয়, গত আগস্ট মাস পর্যন্ত বেশির ভাগ স্কটিশ নাগরিক স্বাধীনতার পক্ষে ছিলেন। তবে ইউগভ নামের এক গবেষণাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক জরিপের ফলে দেখা গেছে, ৪৮ শতাংশ স্কটিশ স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে অবস্থান নিয়েছেন সেখানকার ৫২ শতাংশ মানুষ।

স্বাধীনতার পরিবর্তে স্কটিশরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়তে পারেন, স্কটিশদের মধ্যে এমন ধারণা তৈরি করছে ব্রিটিশ গণমাধ্যমসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। এমনকি রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস) ঘোষণা দিয়েছে, যুক্তরাজ্য থেকে বেরিয়ে এলে তারা স্কটল্যান্ড থেকে কাজ সরিয়ে নেবে। জনমত জরিপ এভাবে পাল্টে যাওয়ার পেছনে এটা অন্যতম কারণ বলে ধারণা করছেন দেশটির স্বাধীনতা আন্দোলনের নেতারা।

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় গণভোটে স্কটিশরা শেষমেশ স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের ৩০৭ বছরের বন্ধন ছিন্ন হতে পারে। আর তা হলে, নব্বইয়ের দশকের পর ইউরোপে জায়গা করে নিতে পারে একটি নতুন রাষ্ট্র।