গত এক সপ্তাহে আলেপ্পোয় বিমান হামলা হয়নি: রাশিয়া
রাশিয়া এবং সিরিয়ার সামরিক বিমান গত এক সপ্তাহে সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো নগরে বিমান হামলা চালায়নি বলে দাবি করেছে মস্কো। এমনকি বিধ্বস্ত শহরটির ওপর দিয়ে এই সময়কালে বিমানও ওড়ানো হয়নি বলে জানিয়েছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক লোকদের পালানোর জন্য আলেপ্পোর পূর্বাঞ্চলে ছয়টি পথ খুলে দেওয়া হয়েছিল। গত সোমবার নাগাদ ওই পথগুলো দিয়ে ৪৮ জন নারী ও শিশু শহরটি ত্যাগ করতে সক্ষম হয়েছে।
এদিকে জাতিসংঘ তিন দিনের যুদ্ধবিরতিতে বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ পূর্ব আলেপ্পোর রোগীদের সরিয়ে আনার পরিকল্পনা বাতিল করেছে। রোগীদের নিরাপদে সরিয়ে আনার প্রচেষ্টাটি যুদ্ধে নিয়োজিত সব পক্ষের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে বলে জাতিসংঘ অভিযোগ করেছে।
জাতিসংঘের মানবিক এবং জরুরি ত্রাণ সহায়তাদানকারী আন্ডার সেক্রেটারি জেনারেল স্টিফেন ও’ব্রেইন বলেন, ‘বিভিন্ন কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়েছে। পূর্ব আলেপ্পোর স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন পেতে দেরি হওয়া, বেসামরিক বন্দুকধারীদের বিভিন্ন শর্তারোপ এবং পূর্বাঞ্চলীয় ওই শহরে চিকিৎসা এবং ত্রাণ সহায়তার বিষয়ে সিরিয়া সরকারের আপত্তির কারণে প্রচেষ্টা ব্যর্থ হয়।’
স্টিফেন ও’ব্রেইন বলেন, গত সপ্তাহে রাশিয়ার দেওয়া তিন দিনের যুদ্ধবিরতিতে কোনো রোগী এবং তাদের স্বজনদের উদ্ধার
করা যায়নি। গত রোববার থেকে ওই এলাকায় আবারও বিমান হামলা এবং তুমুল লড়াই শুরু হয়েছে।
সিরিয়ার সরকার এবং মিত্র বাহিনী শহরটি ঘিরে রাখায় গত জুলাই থেকে জাতিসংঘ পূর্ব আলেপ্পোয় পৌঁছাতে পারছে না।