গর্ভস্থ শিশুর দেহে প্রবেশ করানো হচ্ছে স্টেম সেল
মাতৃগর্ভে থাকা শিশুর দেহে ভ্রূণের স্টেম সেল প্রবেশ করানো-সংক্রান্ত প্রথম পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা। খবর বিবিসির।
রূপান্তরিত হওয়ার পর নিরবচ্ছিন্নভাবে বিশেষ কোষ উৎপাদন করতে সক্ষম ‘স্টেম সেল’ এভাবে গর্ভস্থ শিশুর দেহে প্রবেশ করানোতে নিরাময় অযোগ্য অস্থিক্ষয় রোগের লক্ষণ হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো এই পরীক্ষা আগামী জানুয়ারিতে শুরু হবে। পরীক্ষায় নেতৃত্ব দেবে সুইডেনের ক্যারোলাইনস্কা ইনস্টিটিউট ও যুক্তরাজ্যের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিৎসকদের দল।
অস্থিক্ষয় রোগের পোশাকি নাম অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। প্রতি ২৫ হাজার নবজাতক শিশুর একটি এ রোগে আক্রান্ত হয়। এতে আক্রান্ত শিশু জন্মগতভাবে একাধিক হাড়ভাঙা ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, শিশুর ডিএনএ গঠনে ত্রুটির কারণেই অস্থির এ সমস্যার সৃষ্টি। মাতৃগর্ভে থাকা শিশুর দেহে ভ্রূণের স্টেম সেল প্রবেশ করিয়ে অনাগত শিশুর হাড়ের বৃদ্ধিতে সঠিক নির্দেশনা প্রয়োগ করা সম্ভব।
গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের অধ্যাপক লিন চিট্টি বিবিসিকে বলেন, মাতৃগর্ভে থাকা শিশুর স্টেম সেল থেরাপি তার হাড়ভাঙা পরিস্থিতির উন্নতি ও হাড়ভাঙার সংখ্যা কমিয়ে আনতে পারে কি না, তা দেখাই এই পরীক্ষার উদ্দেশ্য।