গুগল স্ট্রিট ভিউয়ে যেভাবে ধরা খেলেন গ্যাংস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগল ম্যাপসের লোগো
ছবি: গুগলের সৌজন্যে

গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সাহায্যে ২০ বছর ধরে পলাতক ইতালির এক মাফিয়া সম্রাটকে স্পেনের একটি শহর থেকে আটক করেছে পুলিশ। আটক মাফিয়া সম্রাটের নাম গিওয়াচিনো গামিনো। তিনি ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার ও তালিকাভুক্ত খুনি। স্পেনের রাজধানী মাদ্রিদের কাছের একটি শহর গালাপাগার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কয়েক বছর ধরে গালাপাগারে ছিলেন গামিনো, সেখানে বিয়েও করেছেন তিনি। নিজের নাম বদলে হয়েছেন ম্যানুয়েল। পাচকের কাজ করতেন তিনি। এ ছাড়া গালাপাগারে একটি ফল ও সবজির দোকান ছিল তাঁর। খবর গার্ডিয়ানের।

নাম বদলে স্পেনের এই রেস্তোরাঁয় পাচকের কাজ করতেন গিওয়াচিনো গামিনো
ছবি: গুগল ম্যাপসের সৌজন্যে

ইতালির সিসিলি পুলিশ ৬১ বছর বয়সী গামিনোর খোঁজে নানা তদন্ত কাজ চালিয়েছে। ২০১৪ সালে তাঁর বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এত দিন পর অবশেষে স্পেনে তাঁর অবস্থান শনাক্ত হয়েছিল, তবে গামিনোর প্রকৃত অবস্থান কোথায়, তা খুঁজে পেতে সাহায্য করেছে গুগলের স্ট্রিট ভিউ পরিষেবা।

গালাপাগারে এল হুয়ের্তো ডি মানি বা মানি গার্ডেন নামের একটি সবজি ও ফলের দোকানের বাইরে দুই ব্যক্তি আলাপ করছিলেন। তাঁদের একটি ছবি ওঠে গুগল স্ট্রিট ভিউয়ে। পুলিশের ধারণা, ছবির দুই ব্যক্তির একজন দেখতে গামিনোর মতো। পরে দুই ব্যক্তি পাশের একটি রেস্তোরাঁয় গেলে পুলিশ গামিনোকে চিনতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই দোকান ও রেস্তোরাঁ এখন বন্ধ। তবে পুলিশ গামিনোর একটি ছবি খুঁজে পেয়েছে। ছবিতে পাচকের পোশাক পরা গামিনোকে দেখা যায়। ছবিটি এখনো লা কোচিনা ডি মানু নামের একটি ফেসবুক পেজে রয়েছে। গালের বাঁ দিকের ক্ষতচিহ্ন দেখে গামিনোকে চিনতে পারে পুলিশ। এ ছাড়া রেস্তোরাঁটিতে যেসব খাবার বিক্রি করা হতো, এর মধ্যে সিসিলির স্থানীয় খাবার চেনা সিসিলিয়ানা নামে পরিচিত একটি খাবারও রয়েছে।

গত ১৭ ডিসেম্বর গিওয়াচিনো গামিনোকে গ্রেপ্তার করা হয়। তবে লা রিপাবলিকায় গতকাল বুধবার প্রতিবেদন হওয়ার আগে তাঁকে আটক করার ঘটনাটি প্রকাশ্যে আসেনি।