গুন্টার গ্রাস; ইসরায়েল এবং অপরাধের কবিতা

জার্মানির পত্রিকা সুদ ডয়েচে জাইটুং ২০১২ সালের ৪ এপ্রিল গুন্টার গ্রাসের ‘যে কথা বলতেই হবে’ শিরোনামের একটি কবিতা প্রকাশ করে। কবিতাটি প্রকাশের পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। ওই বছরের ১০ এপ্রিল আল জাজিরায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান স্টাডি অ্যান্ড কম্পারেটিভ লিটারেচারের অধ্যাপক হামিদ দাবাশির একটি নিবন্ধ প্রকাশিত হয়। প্রাসঙ্গিক বিবেচনায় নিবন্ধটির প্রধান অংশ তুলে ধরা হলো-
‘যে কথা বলতেই হবে’ কবিতাটিতে গুন্টার গ্রাস ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি তাঁর নিজের দেশ জার্মানির সমালোচনা করেন। তিনি পশ্চিমা বিশ্বকে ভণ্ড বলেও মন্তব্য করেন। ‘যে কথা বলতেই হবে’ কবিতায় তিনি বলেন-
‘কারণ জার্মান হিসেবে আজ কাঁধে এই বোঝা-
দৃশ্যমান ভবিষ্যৎ পাপের অস্ত্র আমাদেরই দেওয়া
কোনো উপায়েই আর মুছবে না দুষ্কর্মের এই দায়ভার।’
কবিতাটি প্রকাশের পরপরই ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইয়াশি নোবেল বিজয়ী এ সাহিত্যিকের ইসরায়েলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
বহুকাল ধরে যাঁরা ফিলিস্তিনের ওপর ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আসছেন, যাঁরা যেকোনো যুদ্ধের বিরুদ্ধাচরণ করে আসছেন, তাঁদের কাছে কবিতাটি অনেক বেশি প্রশংসিত হয়েছে। অন্যদিকে ইহুদি ও ইহুদি নয় এমন অনেকের কাছে এবং জার্মানির অনেক অনুকরণীয় ব্যক্তির কাছে কবিতাটি নিন্দিত হয়েছে। অনেকেই এ কবিতাটিকে গুন্টার গ্রাসের ইহুদি বিদ্বেষ বলে মন্তব্য করেছেন।
আসলেই কী তাই? গুন্টার গ্রাস কী ইহুদি বিদ্বেষী ছিলেন? না। তিনি জানতেন ইহুদি বিদ্বেষী এ কালিমাটা তাঁর নামের পাশে লাগানো হবে। কিন্তু তিনি সে ভয়টিকে জয় করেছেন। তিনি বলেছেন, ‘কারণ যে কথা বলতেই হবে, কাল বললে সেটা দেরি হয়ে যাবে।’
গুন্টার গ্রাসের এ কবিতার মাহাত্ম্য অন্য জায়গায়। ৮৪ বছর বয়সে তিনি ইহুদি বিদ্বেষী হওয়ার সে ঝুঁকিটুকু নিয়েছেন। তিনি কবিতার লাইনের মধ্যেই বলেছেন,
‘যেটা বলতে হবে,
কেন এখন, এই বুড়ো বয়সে,
দোয়াতের অবশিষ্ট কালি দিয়ে বলতে হবে:
ইসরায়েলের পরমাণুশক্তি বিপন্ন করে তুলবে
এরই মধ্যে ভঙ্গুর বিশ্বশান্তিকে?
কারণ যে কথা বলতেই হবে, কাল সেটা দেরি হয়ে যাবে।’
গ্রাস মনে করেছেন এমন ভয়ানক পরিস্থিতিতে নিশ্চুপ থাকাটা হবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এবং ভয়ংকর;
‘মানি, আমি নৈঃশব্দ ভেঙেছি
কারণ পশ্চিমের ভণ্ডামিতে আমি ক্লান্তপ্রাণ’
যে ঘটনাটা আমরা সবাই জানি তিনি সেটাই বলেছেন। কারণ তিনি জানতেন, এখনই সময় নীরবতা ভাঙার। তিনি একটি যুদ্ধের ভয় পেয়েছেন,
‘ইরানিদের মুছে দেওয়ার মতো
“আগাম যুদ্ধের” এটি কোন অধিকার? ’
গুন্টার গ্রাস তাঁর কবিতায় যথেষ্ট উদাহরণ এনেছেন। ইউরোপিয়ান ভণ্ডামি, জার্মান প্রসন্নতা, আমেরিকার নির্লজ্জ দ্বিমুখী আচরণ আহমাদিনেজাদের মশকরা এবং ইসরায়েলের একরোখা নীতি। বিশ্বব্যাপী এই কবিতার কী গুরুত্ব সেটা বোঝার জন্য এসবই যথেষ্ট। কিন্তু এই কবিতার গুরুত্ব এসব জানা কথা বলার মধ্যে নয়, এ কবিতার গুরুত্ব অবদমিত করে রাখার কথাগুলো বলার মধ্যে-
‘বছরে বছরে যাঁরা গোপনে স্তূপ করছে পরমাণু বোমা
নিন্দা নেই, নিয়ন্ত্রণ নেই, তদন্ত নেই,
কেন আমি সে দেশের নাম নিতে এত দ্বিধান্বিত?’
এরপরই তিনি তার নিজের দেশের নাম উল্লেখ করেছেন,
‘নিজের তুলনাহীন গভীর অপরাধে
বারে বারে যার চলেছে জবাবদিহি,
আমার সে নিজের দেশের নাকি নিষ্ক্রান্তির কাল
(দিব্যি খেসারতের ছলে যা স্রেফ ব্যবসা)
আণবিক অস্ত্র নিয়ে আরেকটি ডুবোজাহাজ চলেছে ইসরায়েলে
কেবলই আতঙ্ক ছাড়া যার পরমাণু বোমার
কোনো প্রমাণ মেলেনি। আমি বলব, যে কথা বলতেই হবে।’
গুন্টার গ্রাস তাঁর কবিতার শেষে হতাশা ঝরিয়েছেন। আর কোনো পথ খোলা নেই। কারও কাছে নেই।
‘বিভ্রমশাসিত এই এলাকায় শত্রুতায় পাশাপাশি বসবাস করা
ইহুদি ও ফিলিস্তিনিদের সাহায্যের অন্য আর পথ খোলা নেই,
শেষমেশ, আমাদের কারোরই তা নেই।’
নোট: ২০১২ সালের এই দিনে (১৩ এপ্রিল) কবি সাজ্জাদ শরিফের অনুবাদ করা কবিতাটি প্রথম আলোতে ছাপা হয়। এই নিবন্ধে সেই কবিতাটির অনূদিত অংশ ব্যবহার করা হয়েছে।