গুমোট কাটছে 'অবরুদ্ধ' ব্রাসেলস শহরে

টানা চার দিন কার্যত অবরুদ্ধ থাকার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে শুরু করেছে। গতকাল বুধবার কড়া নিরাপত্তার মধ্যে সেখানকার স্কুল-কলেজ খুলেছে। নগরবাসীর নৈমিত্তিক যাতায়াতের প্রধান পরিবহন পাতালরেলও চলতে শুরু করেছে। তবে প্রধান প্রধান সড়কে পুলিশ ও সেনাসদস্যদের সতর্ক উপস্থিতি নগরে জারি রাখা সর্বোচ্চ সতর্কাবস্থার কথাই সবাইকে মনে করিয়ে দেয়। খবর রয়টার্সের।
প্যারিসে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আবদেসালাম ও তাঁর সহযোগীরা এখনো ব্রাসেলসে লুকিয়ে আছেন এবং তাঁরা আবার বড় ধরনের কোনো হামলা করতে পারেন—এই ধারণার ভিত্তিতে ব্রাসেলসে চার দিন ধরে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। তাঁদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। রাজধানীতে সতর্কতার মেয়াদ মঙ্গলবার রাতে আবার কয়েক দিন বাড়ানো হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ব্রাসেলসের স্কুলগুলোতে অতিরিক্ত ৩০০ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। অভিভাবকেরা তাঁদের সন্তানসন্ততিকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় স্কুল গেটের সামনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
ব্রাসেলসের প্রায় অর্ধেক পাতালট্রেন গতকাল চালু ছিল। যাত্রীদের নিরাপত্তা দিতে এসব ট্রেনে দুই শতাধিক সেনা মোতায়েন ছিল।
বিভিন্ন গানবাজনার অনুষ্ঠান ও খেলাধুলা গতকালও বন্ধ ছিল। তবে সপ্তাহান্তে রাজধানীর পশ্চিমের শহর গেন্টে বেলজিয়াম ও যুক্তরাজ্যের মধ্যে নির্ধারিত ডেভিস কাপ টেনিস ফাইনাল বাতিল করা হয়নি।
এ ছাড়া পার্শ্ববর্তী ব্রুজা শহরে আজ বৃহস্পতিবার ইউরোপা লিগের যে ফুটবল খেলা হওয়ার কথা, তা যথারীতি হবে। তবে গ্যালারিতে কোনো দর্শক থাকবে না। ব্রুজা শহরের মেয়র বলেছেন, শহরের পুলিশ সদস্যরা অন্য কাজে ব্যস্ত থাকায় ওই স্টেডিয়ামে তাঁদের মোতায়েন করা সম্ভব হবে না। ফলে সেখানে কোনো দর্শক ঢুকতে দেওয়া হবে না।