গুলেনের 'ডানহাত' হানসি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বসবাস করা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ এক সহচরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ট্রাবজোন প্রদেশের হেইলস হানসি। নিরাপত্তা বাহিনীর দাবি, গ্রেপ্তার হানসি গুলেনের ‘ডান হাত’। খবর এএফপির

দেশটির সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরাসরি গুলেনকে দায়ী করেছেন। তবে গুলেন এই অভিযোগ অস্বীকার করেছেন।

এরদোয়ানের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী গুলেন একজন ইসলাম প্রচারক। তিনি হিজমত আন্দোলনের সঙ্গে যুক্ত। তুরস্কের গণমাধ্যম, পুলিশ ও বিচার বিভাগে এ আন্দোলনের জনপ্রিয়তা আছে। তুর্কি ভাষায় হিজমত শব্দের অর্থ সেবা। নেতাদের কথায়, ইসলামের শান্তির আদর্শের আলোকে সুফিবাদ ও সব মানুষের সহাবস্থানের পক্ষে এ গোষ্ঠীর অবস্থান। তবে এটি কোনো ধর্মীয় সংগঠন নয়; এদের কাজ জনসেবা, শিক্ষার প্রসার, মানবাধিকার ও গণতন্ত্র।

নিরাপত্তা বাহিনী বলছে, ১৫ জুলাই সেনা অভ্যুত্থানের ঘটনার দুদিন আগে হানসি তুরস্কে আসেন। গুলেনের কাছে অর্থ পাঠানোর দায়িত্বটি তিনিই পালন করে থাকেন বলেও নিরাপত্তা বাহিনীর দাবি।

এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক বিমানবাহিনী প্রধান আকিন ওজতুর্কের জামাতা লে. কর্নেল হাকান কারাকাসকে রাজধানী আঙ্কারা থেকে এই অভ্যুত্থানের অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ জুলাইয়ের ওই সেনা অভ্যুত্থানে প্রায় ৩০০ ব্যক্তির প্রাণহানি হয়েছে। এর পর দেশটির প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করে অর্ধ লাখেরও বেশি ব্যক্তিকে আটক, গ্রেপ্তার ও বরখাস্ত করা হয়েছে।