গোল্ডম্যান পরিবেশ পুরস্কার পাওয়া কাসেরেস সমাহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাকাণ্ডের শিকার হন্ডুরাসের আদিবাসী নারী পরিবেশকর্মী বেরতা কাসেরেসকে গতকাল রোববার সমাহিত করা হয়েছে। পরিবেশ আন্দোলনে অবদানের জন্য গত বছর গোল্ডম্যান পরিবেশ পুরস্কার পাওয়া কাসেরেস নিজ বাড়িতে গত বৃহস্পতিবার বন্দুকধারীদের গুলিতে নিহত হন। গোল্ডম্যান পরিবেশ পুরস্কার এ বিষয়ে সবচেয়ে সম্মানজনক স্বীকৃতিগুলোর একটি। খবর বিবিসির।
চার সন্তানের মা বেরতা কাসেরেস (৪৫) একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তাঁর আন্দোলনের কারণে প্রকল্পটি বাতিল হয়। কাসেরেসের পরিবার দাবি করেছে, ওই বাঁধের বিরোধিতা করার কারণে পুলিশ, রাজনৈতিক নেতা এবং নির্মাণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অব্যাহত হুমকির মুখে ছিলেন তিনি।
গতকাল কাসেরেসের নিজ শহর লা এসপারেনসাতে হাজার হাজার মানুষ তাঁর লাশবাহী কফিন নিয়ে মিছিল করে।
বাঁধ নির্মাণের বিরুদ্ধে লিনকা আদিবাসীদের আন্দোলন শুরুর মাধ্যমে পরিচিতি লাভ করেন বেরতা কাসেরেস। এ ছাড়া কয়েকটি বহুজাতিক খনি কোম্পানির পরিবেশবিনাশী কর্মকাণ্ডের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, এ হত্যাকাণ্ডকে সাধারণ একটি খুন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে সরকার। মেয়ে অলিভিয়া জুনিগা ক্যাসেরেস বলেন, ‘এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এর আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার।’