গোয়েবলসের ব্যক্তিগত সহকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রুনহিল্ড পমজেল
ব্রুনহিল্ড পমজেল

জার্মান স্বৈরশাসক হিটলারের প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রুনহিল্ড পমজেল মারা গেছেন। গত শুক্রবার তিনি ১০৬ বছর বয়সে জার্মানির মিউনিখে মারা যান। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছেন তাঁকে নিয়ে প্রামাণ্যচিত্র বানানো নির্মাতা ক্রিস্টিয়ান কেরোয়িনেস।
গোয়েবলসের আধা ডজন ব্যক্তিগত সহকারীর মধ্যে একজন ছিলেন পমজেল। ক্রিস্টিয়ান ২০১৬ সালে তাঁর দীর্ঘ সাক্ষাৎকার নেন। এর ভিত্তিতে ‘আ জার্মান লাইফ’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়।
পমজেল ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত গোয়েবলসের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি মূলত টাইপ করতেন। প্রামাণ্যচিত্রের সাক্ষাৎকারে পমজেল দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি গণহত্যা সম্পর্কে কিছুই জানতেন না তিনি। ‘আমরাই তখন একটা বড় কনসেনট্রেশন ক্যাম্পে আটকা পড়েছিলাম।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শীর্ষ নাৎসি কর্মকর্তাদের কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের মধ্যে একমাত্র পমজেলই জীবিত ছিলেন এত দিন।
গত বছর এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পমজেল বলেন, ১৯৩৩ সালে তিনি হিটলারের পক্ষে ছিলেন। তাঁর বিজয়ে উল্লাস করেছিলেন। তখন কি আর জানতেন সামনের দিনগুলোতে কী অপেক্ষা করছে।
বাংকারে হিটলারের শেষ দিনগুলো দেখেছিলেন পমজেল। তাঁর ভাষায়, তখন নাৎসি নেতারা প্রচুর মদ খেতেন। কেননা, তাঁরা নিজেদের অনুভূতিহীন অসাড় করতে চেয়েছিলেন।
হিটলারের পতনের পর ১৯৫০ সাল থেকে জার্মানির সরকারি প্রচারমাধ্যমে কাজ করতেন পমজেল। নিজের পরিচয় গোপন রেখেছিলেন। ২০১১ সালে তিনি নিজের পরিচয় প্রকাশ করেন।