গ্রিক নাটকের অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ঘণ্টার ঝোড়ো আলোচনার পর অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেইল আউট) গ্রিসকে তৃতীয় মেয়াদে সহায়তা দিতে রাজি হলেন ইউরোজোনের নেতারা। এর মধ্য দিয়ে দীর্ঘ এক অনিশ্চয়তার অবসান হলো।
কয়েক মাসের নিষ্ফল আলোচনা, ঋণদাতাদের জুড়ে দেওয়া কৃচ্ছ্র সাধনের কঠোর শর্ত, উত্তেজনাপূর্ণ গণভোট—এত কিছুর পর গতকাল সোমবার শেষ অঙ্কে পৌঁছায় ট্র্যাজেডির মুখে দাঁড়িয়ে থাকা গ্রিক নাটক। সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
তবে ৫ জুলাইয়ের গণভোটে ঋণদাতাদের যেসব কঠিন শর্ত প্রত্যাখ্যান করেছিল গ্রিসবাসী, নতুন চুক্তিতে এর অনেক কিছুই মেনে নিতে হচ্ছে তাদের। যদিও আলোচনা শেষে হাসি দেখা যায় গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের মুখে। তিনি বলেন, ‘আমরা একটি ন্যায়ের লড়াই শেষ করে এসেছি। গ্রিসের বেশির ভাগ মানুষ এটি মেনে নেবে।’
আর ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ‘ইউরোজোনের (যে দেশগুলোতে ইউরো চালু আছে) সম্মেলনে সর্বসম্মতিক্রমে চুক্তি গৃহীত হয়েছে। ইতিমধ্যে ইউরোজোনের ঋণ পুনরুদ্ধার তহবিল ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম-ইএসএম চালু করা হয়েছে। তবে এর জন্য গ্রিসকে ব্যাপক সংস্কার করতে হবে।’
অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে গ্রিস তার সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে ইউরো জোন থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল দেশটির। নতুন চুক্তির ফলে গ্রিস ঋণদাতাদের কাছ থেকে ৮ হাজার ৬০০ কোটি ইউরো পাবে।
আর্থিক সংকট কাটাতে ২০১০ সালের পর থেকে এ নিয়ে তৃতীয় দফায় ঋণ দেওয়া হলো গ্রিসকে। গত জানুয়ারি মাসে সিপ্রাসের সিরিজা পার্টি ক্ষমতায় আসার পর ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। ইউরোজোনে থাকতে পারাটাই প্রশ্নের মুখে পড়ে। গ্রিস ইউরোজোন ছেড়ে যেতে বাধ্য হলে সেই পরিস্থিতিকে ‘গ্রেক্সিট’ নামে অভিহিত করা হচ্ছিল।
তবে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছার পর গতকাল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুংকার বলেন, ‘গ্রেক্সিট হচ্ছে না। এই সমঝোতায় কেউ হারেনি, কেউ জেতেনি। আমার মনে হয়, গ্রিসবাসীর সম্মানহানি হয়নি। ইউরোপের অন্যান্য দেশেরও মন ভারি করার কিছু নেই।’
নতুন চুক্তির ফলে গ্রিসকে ইউরো ছেড়ে নিজেদের আগের মুদ্রা ড্রাকমায় ফিরে যাওয়ার আশঙ্কার অবসান হলো। দেশটিকে যদি ইউরো ছাড়তে হতো, তবে তা শুধু ইউরো জোনের জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করত বলে মনে করছিলেন বিশ্লেষকেরা।
ঋণ পেতে একটি সুরাহা হওয়ার পরও সব সমস্যা মিটে যাচ্ছে তা নয়। যেসব শর্ত মেনে নিয়ে গ্রিস ঋণ পাওয়া নিশ্চিত করল, তাদেরকে এখন তা মানতে হবে। গ্রিসের কৃচ্ছ্র সাধনের বিষয়ে যার অবস্থান ছিল সবচেয়ে কঠিন, সেই জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, এ পথ বেশ দীর্ঘ। চুক্তি নিয়ে কোনো বিচার করাটাও কঠিন।
চুক্তিতে যা আছে করতে হবে যা

  • আর্থিক খাতে সংস্কারের জন্য গ্রিসের পার্লামেন্টকে আগামীকাল বুধবারের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানো, রাজস্ব আয় বাড়ানো, শ্রম বাজার উদারীকরণ, বিদ্যুৎ খাত বেসরকারীকরণ করতে হবে।
  • গ্রিসের নিজস্ব অর্থায়নে পাঁচ হাজার কোটি ইউরোর একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে। ইউরো জোনের ঋণ ফেরতের এটি একটি ব্যবস্থা। এই তহবিলের অর্ধেকটাই গ্রিসের ব্যাংকগুলোর মূলধন পুনর্গঠনে ব্যয় হবে। অর্ধেকটা বিপুল পরিমাণ ঋণ শোধে কাজে লাগানো হবে।
  • দেউলিয়াত্ব কাটাতে জরুরি সহায়তা হিসেবে ইউরো জোনের ঋণের বাইরে আগামী সোমবারের মধ্যে গ্রিস ৭০০ কোটি ইউরো পাবে। আরও ৫০০ কোটি ইউরো পাবে আগামী আগস্ট মাসে।
  • নতুন চুক্তির শর্ত পালন কর হচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করবে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ইউরোজোনের অর্থমন্ত্রীরা।
  • ফিনল্যান্ড, জার্মানি এবং গ্রিসের পার্লামেন্টে অনুমোদনের পরই ইউরো জোনের ঋণের ছাড় হবে।