গ্রিস উপকূলে নৌকাডুবি, ৩৪ শরণার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিস উপকূলে সাগরে আবার নৌকা ডুবে শরণার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটির ফারমাকোনিসি দ্বীপের কাছে গতকাল রোববার সকালে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫টি শিশু। খবর এএফপির।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনী বলেছে, শরণার্থীদের স্রোত শুরু হওয়ার পর এ পথে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। ফারমাকোনিসি দ্বীপের কাছে ঝোড়ো হাওয়ার মধ্যে পড়ে শরণার্থীদের বহনকারী কাঠের নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চারটি খুব অল্পবয়সী শিশু এবং আরও একটু বেশি বয়সী ছয়টি ছেলে এবং পাঁচটি মেয়েশিশু রয়েছে।
এ ছাড়া ওই নৌকাডুবির ঘটনায় ৬৮ জনকে সাগর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানায় গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। আর সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ৩০ জন। তবে ওই নৌকায় মোট কত জন আরোহী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
উপকূলরক্ষী বাহিনী জানায়, নৌবাহিনীর জাহাজে করে উদ্ধার করা লাশগুলো রোডেস দ্বীপে নেওয়া হচ্ছে এবং জীবিতদের নেওয়া হচ্ছে লেরোস দ্বীপে।
এদিকে গ্রিসের লেসবস দ্বীপের আছে গতকাল ডুবে যায় রাবারের তৈরি শরণার্থীদের একটি ডিঙি নৌকা। তীরে পৌঁছার প্রায় ১০০ মিটার আগে ডিঙিটির হাওয়া বের হয়ে চুপসে যায়। ডিঙিটির ২৫-৩০ জন আরোহীর মধ্যে অনেক নারী ও শিশু ছিল। এ ঘটনায় ডুবে কারও মৃত্যু হয়েছে কি না জানা যায়নি। তবে ছবিতে দেখা যায়, ডিঙির আরোহীদের বেশির ভাগের লাইফ জ্যাকেট পরা ছিল। সবাই সাঁতরে তীরে ওঠার চেষ্টা করছেন।
এর আগের দিন গত শনিবার তুরস্কের উপকূলের সন্নিকটে গ্রিসের সামোস দ্বীপের কাছে ডুবে যায় শরণার্থীদের আরেকটি নৌকা। ওই ঘটনায় নিখোঁজ চার শিশুর খোঁজে গতকালও সাগরে তল্লাশি চালায় গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইএমও) হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ৪ লাখ ৩০ হাজারের বেশি শরণার্থী ও অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে। এ সময় পথেই মারা গেছে বা নিখোঁজ হয়েছে ২ হাজার ৭৪৮ জন।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় এই শরণার্থী সমস্যা নিয়ে ইইউভুক্ত দেশগুলোর মতবিরোধ কাটছে না। চাপের মুখে ইউরোপীয় কমিশন জোটের ২৮ দেশের জন্য ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে কোটা বেঁধে দেয়। এ কোটা মেনে নিতে নারাজ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ।