গ্রিস ও তুরস্ক উপকূলে শক্তিশালী ভূমিকম্প দুজনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজিয়ান সাগরের কাছে গ্রিস ও তুরস্কের উপকূল বরাবর ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে ওই ভূমিকম্পে অন্তত দুজনের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রিসের কোস দ্বীপে। তরুণদের কাছে অবকাশকেন্দ্র হিসেবে জনপ্রিয় দ্বীপটিতে সুইডেনের এক যুবক এবং তুরস্কের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কোস বন্দরের ডকের বেশ ক্ষতি হয়েছে।

এ নিয়ে চলতি বছর এজিয়ান সাগরের তীরে দ্বিতীয়বারের মতো ৬ বা তার বেশি মাত্রার ভূকম্পন ঘটল।

ভূমিকম্পের পর কয়েকটি পরাঘাত এবং ছোট মাত্রায় সুনামি হয়। এতে ঢেউয়ের তোড়ে কিছু মাছ ধরার নৌকা বন্দরে আছড়ে পড়ে।

ভূমিকম্পের পর প্রায় ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সবাই হুড়োহুড়ির কারণে আঘাত পেয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তুরস্কের জরুরি বিভাগ দেশটির নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। তবে সে দেশে ভবনধস বা হতাহতের বড় কোনো ঘটনা ঘটেনি।

টেলিভিশন ফুটেজে ভূমিকম্পের সময় রাস্তায় থেমে থাকা গাড়িগুলোকে নড়তে এবং দোকানের তাক থেকে জিনিসপত্র পড়ার দৃশ্য দেখা যায়।

বোদরুমের মেয়র মেহমুত কোতাদন বলেন, ‘এ মুহূর্তে শহরের বড় সমস্যা হলো, এখানে বেশ কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তা ছাড়া ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। মৃত্যুর ঘটনাও ঘটেনি।’