গ্রিসকে আনুষ্ঠানিকভাবে খেলাপি ঘোষণা
আর্থিক সংকটে বিপর্যস্ত গ্রিসকে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঋণখেলাপি ঘোষণা করেছে ইইউর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ প্রেক্ষাপটে ইউরোপীয় নেতাদের ‘ভয় দেখানো’ উপেক্ষা করে দেশবাসীকে কাল রোববারের গণভোটে ‘না’-এর পক্ষে মত দেওয়ার আহ্বান জানালেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। খবর এএফপির।
ইউরোজোনের দেশগুলোকে জরুরি আর্থিক সংকটে সহায়তা করা কর্তৃপক্ষ ইউরোপিয়ান ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ফ্যাসিলিটি (ইএফএসএফ) গতকাল আনুষ্ঠানিকভাবে গ্রিসকে ঋণখেলাপি ঘোষণা করে। তবে তাৎক্ষণিকভাবে এর কোনো প্রভাব পড়বে না বলে তারা জানিয়েছে।
আইএমএফসহ আন্তর্জাতিক ঋণদাতাদের সংস্কার কর্মসূচির কঠোর শর্ত মানা হবে কি হবে না তা নিয়েই গ্রিসের রোববারের গণভোট। সাম্প্রতিকতম জনমত জরিপে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসমর্থন বেড়েছে। উভয় পক্ষের সমর্থকেরা নিজ নিজ পক্ষে জনমত বাড়াতে গতকাল এথেন্সে মিছিল বের করেন।