গ্রিসে ঋণসংকট: পার্লামেন্টে দ্বিতীয় বিল পাস

গ্রিসের পার্লামেন্টে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আর্থিক সংস্কারের বিল পাস হয়েছে। দাতাদের কাছ থেকে ঋণ পেতে বিলটি পাস করার বিকল্প ছিল না।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিলটি পাস হওয়ায় আর্থিক সংস্কার প্যাকেজ (বেইল আউট) নিয়ে আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আবার আলোচনা শুরু হবে।
১৩ জুলাই গ্রিসের সঙ্গে ঋণদাতাদের চুক্তি হয়েছে। তাদের কাছ থেকে তৃতীয় দফায় ঋণ পাওয়ার জন্য গ্রিসকে এখন অনেকগুলো সংস্কার কর্মসূচি চালু করতে হবে। এর মধ্যে বিচার বিভাগ, সরকারি নিলাম ব্যবস্থার সংস্কার এবং গ্রিসের ব্যাংকগুলোর তারল্য ধরে রাখার বিষয় আছে।
এসব সংস্কারের পক্ষে সম্মতি নেওয়ার লক্ষ্যে গত মঙ্গলবার গ্রিসের পার্লামেন্টে দ্বিতীয় বিলটি উত্থাপন করা হয়। দাতাদের কাছ থেকে প্রতিশ্রুত ৮ হাজার ৬০০ কোটি ইউরো ঋণ পেতে বিলটি পাস হওয়ার কোনো বিকল্প ছিল না।
গতকাল গ্রিসের পার্লামেন্টে ওই সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আজ সকালে বিলের ওপর ভোটাভুটি হয়। নানা শঙ্কা সত্ত্বেও বিলটির পক্ষে ২৩০ ভোট পড়ে। বিপক্ষে পড়ে মাত্র ৬৩ ভোট।