গ্রিসে কৃচ্ছ্রবিরোধী সিরিজা পার্টির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনে জয়ী সিরিজা পার্টির নেতা আলেক্সিস সিপারাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্রিসের গত পাঁচ বছরের অবমাননা ও যন্ত্রণার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ছবি: রয়টার্স
নির্বাচনে জয়ী সিরিজা পার্টির নেতা আলেক্সিস সিপারাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্রিসের গত পাঁচ বছরের অবমাননা ও যন্ত্রণার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ছবি: রয়টার্স

গ্রিসে সাধারণ নির্বাচনে কৃচ্ছ্রবিরোধী সিরিজা পার্টি জয়ী হয়েছে। গতকাল রোববার দেশটিতে ওই নির্বাচনে ভোট নেওয়া হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বামপন্থী সিরিজা পার্টি জয়ী হওয়ায় ইউরো অঞ্চল থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে।
আল জাজিরা টেলিভিশনের অনলাইন সংস্করণের খবরে জানানো হয়, এখন পর্যন্ত ৯২ শতাংশ কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে। এতে সিরিজা পার্টি পেয়েছে ৩৬ দশমিক ৩ শতাংশ ভোট। ২৭ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্ষমতাসীন নিউ ডেমোক্রেসি পার্টি।
৩০০ সদস্যের পার্লামেন্টে সিরিজা পার্টি ১৪৯টি আসন পেতে পারে। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও দুটি আসন দরকার।
মধ্য ডানপন্থী নিউ ডেমোক্রেসির নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী আনতোনিস সামারাস এই নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। সিরিজা পার্টির নেতা আলেক্সিস সিপারাসকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইউ ও ইউরোর সদস্যপদকে নতুন সরকার হুমকির মুখে ফেলবে না বলেও আশা তাঁর।
সিরিজার নেতা সিপারাস তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গ্রিসের গত পাঁচ বছরের অবমাননা ও যন্ত্রণার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
গ্রিসে সাধারণ নির্বাচনের এই ফলকে ইউরোপের জন্য একটি ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গণমাধ্যমে আগেই বলা হয়েছে, এ নির্বাচনের ফলাফলের ওপর আইএমএফের মতো আন্তর্জাতিক ঋণদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার গতিপ্রকৃতি এবং গ্রিসের ইউরো মুদ্রা অঞ্চলে থাকা না-থাকা নির্ভর করতে পারে।
নির্বাচিত নতুন সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে দেশের ঋণসংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা নেওয়ার ব্যাপারে নতুন করে সমঝোতার আলোচনা করা। ঋণসংকট মোকাবিলায় সিরিজা পার্টি বরাবরই সরকারের ব্যয় সংকোচননীতির বিরোধিতা করে আসছে। ফলে দলটি ক্ষমতায় আসায় ইউরো অঞ্চল থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে গ্রিস কয়েক বছর ধরে হিমশিম খাচ্ছে। আন্তর্জাতিক ঋণসহায়তার শর্ত পূরণ করার জন্য দেশটি বাজেট সংকোচনের কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) গ্রিসকে ঋণ দেওয়ার বিনিময়ে বেশ কিছু শর্ত ও সময়সীমা বেঁধে দিয়েছে।
২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর গ্রিসের অর্থনীতি গভীর সংকটে পড়ে। বেকারত্ব বাড়তে থাকে এবং বহু মানুষ দারিদ্র্যের কবলে পড়ে।
অনেকের আশঙ্কা সিরিজার জয়ে গ্রিস হয়তো ঋণসহায়তা গ্রহণের শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হবে। তারা ইইউর সদস্য ১৯টি দেশের একক মুদ্রা ইউরো ব্যবহার করার সুযোগও হারাতে পারে।
অবশ্য সিরিজার পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইউরো অঞ্চলের সংকটের ব্যাপারে নিজেদের অবস্থান কিছুটা নমনীয় করেছে। গ্রিসকে ইউরোজোনের অন্তর্ভুক্ত দেশ হিসেবেই দেখতে চায় সিরিজা।