গ্রিসে তিন সপ্তাহ পর ব্যাংক খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসের রাজধানী এথেন্সে আজ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন এক বৃদ্ধা। ছবি: এএফপি
গ্রিসের রাজধানী এথেন্সে আজ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছেন এক বৃদ্ধা। ছবি: এএফপি

গ্রিসে অর্থনৈতিক পুনরুদ্ধার (বেইল আউট) কার্যক্রম নিয়ে বিতর্ক চলার তিন সপ্তাহ পর আজ সোমবার আবার ব্যাংক খুলেছে। গত ২৯ জুন থেকে পুঁজি নিয়ন্ত্রণের বিষয়টি অবশ্য এখনো বলবৎ রয়েছে।
এএফপি ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গ্রিসে আজ ব্যাংকগুলো পুনরায় খুললেও কড়াকড়ি রয়েছে। অবশ্য আগে যেমন দৈনিক টাকা তোলার হার ৬০ ইউরোর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন তা সপ্তাহে ৪২০ ইউরো করা হয়েছে। বিদেশে পুঁজি স্থানান্তরসহ কয়েকটি অর্থনৈতিক অবরোধ এখনো বজায় রয়েছে। বিভিন্ন দ্রব্যের মূল্যের ওপর কর বসানো হয়েছে। জার্মানি বলছে, তারা গ্রিসকে প্রয়োজনে আরও অর্থ সহায়তা দিতে পারে।
এত দিন গ্রিসের এটিএম বুথগুলোর সামনে ছিল লম্বা ভিড়। এখন এই দুর্ভোগ ও হয়রানি থেকে গ্রিসবাসী কিছুটা রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ইউরোজোনের অর্থমন্ত্রীরা গ্রিসের ব্যাংকগুলো আপাতত চালু রাখতে জরুরি ৭০০ কোটি ইউরোর তহবিল দিতে একমত হন। তৃতীয় দফার বেইল আউট কার্যক্রম চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত গ্রিসের আর্থিক কার্যক্রম চালু রাখতে এ ঋণের অর্থ ব্যবহৃত হবে।
গত বুধবার বেইল আউটের জন্য ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা ওই কঠোর শর্তাবলিতে আশাতীতভাবে অনুমোদন দেন গ্রিসের আইনপ্রণেতারা। প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, তিনি নিজেও এমন কৃচ্চ্ছ্রসাধনের নীতিতে বিশ্বাস করেন না। তবে গ্রিসকে ইউরোজোনে থাকতে হলে এটিই একমাত্র উপায়। অর্থমন্ত্রীর পদ থেকে সদ্য বিদায় নেওয়া ইয়ানিস ভারোফাকিসসহ ক্ষমতাসীন সিরিজা পার্টির অনেক এমপি এসব শর্তের বিপক্ষে ভোট দেন।