গ্রিসে নৌকা ডুবে ২৪ শরণার্থীর মৃত্যু
গ্রিসের সামোস দ্বীপের কাছে গতকাল বৃহস্পতিবার ১০ শিশুসহ ২৪ শরণার্থীর লাশ মিলেছে। তাদের বহনকারী নৌকাটি সাগরে ডুবে গিয়েছিল। তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী ইজিয়ান সাগরে শরণার্থীদের মৃত্যুর এটি সর্বশেষ ঘটনা। খবর এএফপির।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র জানান, নৌকাটিতে মোট ৪৫ জন আরোহী ছিল। এর মধ্যে ২৪ জনের লাশ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে। বাকি ১১ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
গ্রিসের কোস দ্বীপের কাছাকাছি এলাকা থেকে গত বুধবারও সাতজনের মৃতদেহ পাওয়া যায়। এ নিয়ে গত এক সপ্তাহে ওই এলাকায় সাগরে ডুবে অন্তত ৮০ জন শরণার্থী মারা গেছে।
যুদ্ধ ও দারিদ্র্য থেকে রেহাই পেতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে হাজার হাজার শরণার্থী তীব্র শীতের মধ্যে ঝুঁকি নিয়ে নৌকায় সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। তাদের অনেকেই নৌকা ডুবে প্রাণ হারাচ্ছে।
গ্রিসের কর্তৃপক্ষ সীমান্ত সুরক্ষার কাজে গুরুতর অবহেলা করছে বলে ইউরোপীয় কমিশন বুধবার এক প্রতিবেদনে অভিযোগ করেছে। জাতিসংঘ জানায়, চলতি বছর এ পর্যন্ত অন্তত ৪৬ হাজার মানুষ সাগর পার হয়ে গ্রিসে পৌঁছেছে। এ সমুদ্রযাত্রায় মৃত্যু হয়েছে অন্তত ২০০ জনের।