গ্রিসে পুলিশের সঙ্গে আশ্রয়প্রার্থীদের ফের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের লেসবস দ্বীপে একটি আশ্রয়প্রার্থীদের শিবিরে পুলিশের সঙ্গে আশ্রয়প্রার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত তিনটি আশ্রয়কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ সময় বেশ কয়েকটি শিপিং কনটেইনার ধ্বংস করা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, সংঘর্ষে ৭০ জনের মতো আশ্রয়প্রার্থী অংশ নেন। তাঁদের অধিকাংশই বাংলাদেশি ও পাকিস্তানি। সংঘর্ষের সময় পুলিশ ১২ জনকে আটক করেছে বলে জানা গেছে।

গ্রিক এজিয়ান দ্বীপপুঞ্জে যে পাঁচটি ক্যাম্প রয়েছে, তার একটি হলো লেসবসের মরিয়া ক্যাম্প। ওই ক্যাম্পে সংঘর্ষের ঘটনা ঘটে। এজিয়ান দ্বীপপুঞ্জে ১৫ হাজারের বেশি আশ্রয়প্রার্থী রয়েছেন। চলতি বছরের মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে একটি চুক্তি হয়েছে। সেই অনুযায়ী তাঁদের তুরস্কে ফেরত পাঠানোর বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। কেননা তাঁদের অনেকেই সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন।

সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে গ্রিসে প্রায় ৬৬ হাজার অভিবাসী ও শরণার্থী রয়েছেন।