গ্রিসে ফের জয়ী সিরিজা পার্টি
গ্রিসে নয় মাসেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে জয় পেল বামপন্থী অ্যালেক্সিস সিপ্রাসের দল সিরিজা পার্টি। গত রোববার অনুষ্ঠিত এ নির্বাচনে দলটি ৩৫ শতাংশ ভোট পেয়েছে। গত নির্বাচনের চেয়ে এটা সামান্য কম। খবর রয়টার্স ও বিবিসির।
বিশ্লেষকেরা বলছেন, জনগণ আবারও সিরিজা পার্টিকে ভোট দিয়ে মূলত আন্তর্জাতিক সহায়তা প্যাকেজ নিয়ে গুরুতর ঋণ-সংকট মোকাবিলার সুযোগ করে দিল সিপ্রাসকে। সময়মতো বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এ বছরের মাঝামাঝি গ্রিসের অর্থনীতি চরম সংকটে পড়েছিল। এর জের এখনো চলছে।
সিরিজা পার্টির প্রধান প্রতিদ্বন্দ্বী নিউ ডেমোক্রেসি দল পেয়েছে ২৮ শতাংশ ভোট। রক্ষণশীল এই দলটির নেতা ভ্যানজেলিস মেইমারাকিস পরাজয় স্বীকার করে নিয়েছেন।
সিরিজা পার্টি জয়ী হলেও এককভাবে সরকার গঠন করতে পারছে না। সিপ্রাস অবশ্য ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, গতবারের মতো এবারও তাঁরা ডানপন্থী দল ইনডিপেনডেন্ট গ্রিকস পার্টির সঙ্গে জোট গঠন করবেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পরও সিরিজা পার্টি জয়ী হয়ে জাতীয়তাবাদী ইনডিপেনডেন্ট গ্রিকস পার্টির সঙ্গে মিলে জোট সরকার গঠন করে।
সিপ্রাসের নতুন সরকার শর্ত পূরণ সাপেক্ষে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে ৯ হাজার ৭০০ কোটি ডলার ঋণ পাবে। আগামী অক্টোবরে ঋণদাতারা আবার গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি পর্যালোচনা করবে। যদিও সিরিজা পার্টির অনেক এমপিই ঋণদাতাদের শর্তের কঠোর বিরোধী।
সিপ্রাস নতুন সরকার গঠনের জন্য কাজ শুরু করেছেন। তাঁর দলের জ্যেষ্ঠ একজন নেতা বলেছেন, নতুন সরকারের মূল কর্মসূচি হবে গ্রিসের ঋণ-সংকটের বিষয়টি। এই সংকট নিয়ে আলোচনা এগিয়ে নিতে হবে। প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে এটাই। আর এ জন্য সব রাজনৈতিক দলগুলোকে নিয়েও কাজ করা হবে।
সিরিজা দলের কোনো কোনো সূত্র বলছে, এবার সিপ্রাস ইউরোপীয় নীতির জন্য জাতীয় কাউন্সিল গঠনের পরিকল্পনা করছেন। এ ছাড়া অর্থমন্ত্রীকে পরামর্শ দেওয়ার জন্য একটি প্রতিনিধিদলও গঠন করবেন।
নির্বাচনে জয়লাভ নিশ্চিত হওয়ার পর সিপ্রাস এথেন্সে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘সামনে আমাদের কঠিন সময়, তবে আমাদের ভিত দৃঢ়। জাদু দেখিয়ে আমরা সংকট মোকাবিলা করতে পারব না, তবে কঠোর চেষ্টা করে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।’
গ্রিসের টালমাটাল বছর
২৯ ডিসেম্বর ’১৪
প্রেসিডেন্ট নির্বাচন করতে ব্যর্থ পার্লামেন্ট
২৫ জানুয়ারি ’১৫
ব্যয় সংকোচনবিরোধী ইশতেহার দিয়ে জয়ী সিরিজা পার্টি। সিপ্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত
৫ জুলাই ’১৫
গণভোটে ইইউর সহায়তা প্যাকেজ প্রত্যাখ্যাত
১৪ আগস্ট ’১৫
ব্যয় সংকোচনে সম্মত হয়ে আন্তর্জাতিক ঋণ নিতে রাজি হয় সিপ্রাস সরকার। এর এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সিপ্রাস
২০ সেপ্টেম্বর ’১৫
আগাম পার্লামেন্ট নির্বাচনে আবার জয়ী সিপ্রাসের দল সিরিজা পার্টি