গ্রিসে ব্যাংক বন্ধের সময় আরও বাড়ল

গ্রিসে ব্যাংক বন্ধের সময় আরও বাড়ল। আগামী ১৩ জুলাই সোমবার পর্যন্ত দেশটির ব্যাংক বন্ধ থাকবে। এ সময় পর্যন্ত এটিএম বুথ থেকে সীমিত পরিসরে (দৈনিক সর্বোচ্চ ৬০ ইউরো) অর্থ তুলতে পারবেন গ্রিসের বাসিন্দারা।
বিবিসির খবরে জানা যায়, কঠিন শর্তসাপেক্ষে গ্রিসের অর্থনৈতিক পুনরুদ্ধারের (বেইল আউট) প্রস্তাব নিয়ে চলমান বিতর্ক শেষ না হওয়া পর্যন্ত দেশটির ব্যাংকগুলোকে আর জরুরি সহায়তা দেবে না বলে দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে। বেইল আউট নিয়ে গণভোটে ‘না’ জয়ী হলে গত মঙ্গলবারের মধ্যে বন্ধ করে দেওয়া ব্যাংকগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটির সরকার। তবে ওই দিন গ্রিসের ব্যাংকিং অ্যাসোসিয়েশনের প্রধান লওকা কাটসেলি পরবর্তী সাত দিন অর্থাৎ গতকাল বুধবার পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে বলে জানান। কিন্তু আজ আবারও ব্যাংক বন্ধ থাকার সময় বাড়িয়ে দেওয়া হলো।
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস আজকের মধ্যে একটি ‘যৌক্তিক সংস্কার’ প্রস্তাব দেওয়ার আশ্বাস দিয়েছেন ইউরোপীয় নেতাদের। গ্রিসের গুরুতর ঋণ সমস্যা নিয়ে গতকাল ইউরোপীয় পার্লামেন্টে প্রচণ্ড বিতর্ক হয়। এতে অংশ নিয়ে ইউরো জোনে থাকতে মরিয়া সিপ্রাস ‘ইউরোপের ভাঙন রোধ করতেও’ আবেগপূর্ণ আহ্বান জানান।
আজকের মধ্যে গ্রিসকে অবশ্যই ঋণদাতাদের কাছে একটি ‘গ্রহণযোগ্য’ প্রস্তাব তুলে ধরতে হবে। আগামী রোববার ইইউর পূর্ণাঙ্গ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে কেবল ইউরোজোনের ১৯ দেশই নয়, ইইউর ২৮ দেশের সবাই অংশ নেবে। তার আগেই প্রস্তাবটি দিতে গ্রিসকে সময় বেঁধে দিয়েছে ঋণদাতারা।
ইইউ পার্লামেন্টের ভাষণে সিপ্রাস দাবি করেন, তাঁরা একটি প্রস্তাব তৈরির কাজ করছেন। তবে সেটি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। দেউলিয়া হয়ে যাওয়া থেকে রক্ষা এবং ইউরো জোনে থাকতে অর্থনৈতিক পুনরুদ্ধারের (বেইল আউট) তৃতীয় দফা প্রস্তাব দিতে চেষ্টা করছে গ্রিস।
গতকাল ইইউ পার্লামেন্টে সিপ্রাসকে হর্ষধ্বনি ও দুয়োধ্বনি দুটোই শুনতে হয়। একটি সুনির্দিষ্ট প্রস্তাবের জন্য প্রতিশ্রুতি এবং ইউরোপে বিভক্তি না আনতে আহ্বানের পাশাপাশি ঋণদাতাদের আগের দেওয়া প্রস্তাবের সমালোচনা করতে ছাড়েননি সিপ্রাস। তিনি বলেন, আগের দেওয়া প্রস্তাব গ্রিসকে একটি ‘কৃচ্ছ্রের পরীক্ষাগারে’ পরিণত করেছিল।
গ্রিসের চরম উত্তেজনাপূর্ণ গণভোটে দাতাদের কঠিন কৃচ্ছ্রের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার তিন দিন পরেই গতকাল ইইউ পার্লামেন্টে ভাষণ দিলেন সিপ্রাস। ৫ জুলাইয়ের ওই নির্বাচনে ‘না’-এর পক্ষে ৬১ দশমিক ৩১ শতাংশ ভোট পড়ে। সিপ্রাস এই ফলাফলের দিকে ইঙ্গিত করে বলেন, ‘গ্রিসের মানুষ জেগে উঠেছে। তারা কী বলে, সেটা আমাদের শুনতে হবে।’
নির্বাচনের ফলাফলে হতবাক ইউরোপ নড়েচড়ে বসে। বৃহৎ ঋণদাতা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গ্রিসের সহযোগিতায় এগিয়ে আসার প্রস্তাব দেয়। ইউরো জোনের বৈঠক বসে গত মঙ্গলবার। সেই বৈঠকেই নতুন প্রস্তাব দিতে আহ্বান জানানো হয় গ্রিসকে। তবে বৈঠকে কোনো নতুন প্রস্তাব দিতে পারেনি গ্রিস।