গ্রিসে যাওয়ার পথে নৌকা ডুবে ১৭ শরণার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্ক থেকে গতকাল সদ্য গ্রিসের লেসবস দ্বীপে এসে পৌঁছানো এক শরণার্থীর প্রতিক্রিয়া। তাঁর চোখে-মুখে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে নিরাপত্তা খুঁজে পাওয়ার স্বস্তি আর কৃতজ্ঞতা l এএফপি
তুরস্ক থেকে গতকাল সদ্য গ্রিসের লেসবস দ্বীপে এসে পৌঁছানো এক শরণার্থীর প্রতিক্রিয়া। তাঁর চোখে-মুখে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে নিরাপত্তা খুঁজে পাওয়ার স্বস্তি আর কৃতজ্ঞতা l এএফপি

তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে গতকাল রোববার নৌকা ডুবে ১৭ জন শরণার্থী মারা গেছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। মৃত ব্যক্তিরা সিরিয়ার অধিবাসী বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি ও রয়টার্সের।
৩৭ জন যাত্রী নিয়ে তুরস্কের বদরুমের পার্শ্ববর্তী একটি গ্রামের তীর থেকে আট মিটার দীর্ঘ নৌকাটি যাত্রা শুরু করে। গন্তব্য ছিল তুরস্কের এজিয়ান সাগর হয়ে গ্রিসের কোসে দ্বীপ। কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচটি শিশু রয়েছে।
২ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে এই এজিয়ান সাগর দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেছিল শিশু আয়লান কুর্দি। নৌকা ডুবে আয়লান, তার মা ও ভাই মারা যায়। তুরস্কের সমুদ্রসৈকতে আয়লানের মরদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বব্যাপী গণমানুষের হৃদয়ে নাড়া দেয়।
গতকালের ঘটনার ব্যাপারে তুরস্কের দোগান নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, ‘লাইফ জ্যাকেট’ থাকায় ২০ জন প্রাণে রক্ষা পান। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রায় ৩০ লাখ বা তার চেয়ে বেশি সিরীয় শরণার্থী তুরস্কের এজিয়ান উপকূল হয়ে গ্রিসে পৌঁছেছেন। এ পর্যন্ত উপকূলরক্ষীরা ৫৩ হাজার শরণার্থীকে উদ্ধার করেছে। এঁদের মধ্যে ২৭৪ জন তুরস্ক সীমানায় পানিতে ডুবে মারা গেছেন।
হাঙ্গেরির পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, গত শনিবার ক্রোয়েশিয়া হয়ে প্রায় সাড়ে নয় হাজার শরণার্থী হাঙ্গেরিতে ঢুকেছে। তাই হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান সার্বিয়ার সীমান্ত এলাকার মতো ক্রোয়েশিয়ার সীমান্ত এলাকা বন্ধ করে দেওয়ার কথা বলেছেন।
ইউএনএইচসিআরের তথ্যমতে, চলতি বছর সাগর পাড়ি দিয়ে ইউরোপে সবচেয়ে বেশি শরণার্থী ঢুকেছে সিরিয়া থেকে; যা মোট শরণার্থীর ৫১ শতাংশ। এরপর আফগানিস্তান থেকে ঢুকেছে ১৪ শতাংশ। এ ছাড়া ইরিত্রিয়া থেকে ৮ শতাংশ, নাইজেরিয়া থেকে ৪ শতাংশ, ইরাক থেকে ৩ শতাংশ শরণার্থী ঢুকেছে।