গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস আগাম নির্বাচনের সুযোগ করে দিয়ে পদত্যাগ করার পর তাঁর রাজনৈতিক দল সিরিজা পার্টি বিভক্ত হয়ে পড়েছে। কট্টর বামপন্থী আইনপ্রণেতারা (এমপি) দলটি ছেড়ে পপুলার ইউনিটি পার্টি গঠন করেছেন। খবর এএফপি ও বিবিসির।
সিরিজা পার্টির নেতা সিপ্রাস গত বৃহস্পতিবার ক্ষমতা ছেড়ে দেন। নতুন করে ইউরোপীয় ঋণসহায়তা নেওয়ার প্রশ্নে ভোটাভুটিতে নিজ দলের বেশির ভাগ এমপির সমর্থন হারানোর পর তিনি আগাম নির্বাচনের স্বার্থে পদত্যাগ করেন। গ্রিসের সংবাদমাধ্যম জানায়, নবগঠিত পপুলার ইউনিটি পার্টিতে সিরিজা পার্টির বিদ্রোহী ২৫ জন এমপি যোগ দিয়েছেন। তাঁদের নেতৃত্বে রয়েছেন সাবেক জ্বালানিমন্ত্রী পেনাগিওতিস লাফাজানিস। তিনি ঋণসহায়তা চুক্তির কঠোর বিরোধী ছিলেন।
নতুন দলটিতে যোগ দেওয়া এমপিদের মধ্যে পার্লামেন্টের স্পিকার জো কনস্তানতোপুলু এবং সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিসের নাম নেই, যদিও তাঁরা দুজনই নতুন ঋণসহায়তা নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেন।
৩০০ আসনের পার্লামেন্টে সিরিজা পার্টি গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ১৪৯টি আসনে জয়ী হয়। ৭৬টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থান রক্ষণশীল দল নিউ ডেমোক্রেটিক পার্টির। আসনসংখ্যা বিবেচনায় বর্তমান পার্লামেন্টে নতুন দল পপুলার ইউনিটি পার্টির অবস্থান তৃতীয়।
ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে ৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়ার বিনিময়ে সিপ্রাস গ্রিসের রাষ্ট্রীয় ব্যয় কমানোর সিদ্ধান্ত নিতে রাজি হয়েছেন। এতে ইউরোজোনে তাঁর দেশের অবস্থান অটুট রইল। সিরিজা পার্টির প্রায় এক-তৃতীয়াংশ এমপি গত সপ্তাহে ওই নতুন চুক্তির বিরুদ্ধে ভোট দেন অথবা ভোটদানে বিরত থাকেন। সে সময় লাফাজানিস বলেন, তিনি ইউরোজোনের একনায়কতন্ত্র ধ্বংস করে দিতে চান।
রক্ষণশীল দল নিউ ডেমোক্রেটিক পার্টির প্রধান ভানগেলিস মেইমারাকিস দেশের প্রেসিডেন্টের সঙ্গে গতকাল শুক্রবার সকালে বৈঠক করেছেন। নতুন সরকার গঠন করার জন্য তাঁকে তিন দিন সময় দেওয়া হবে। তবে পর্যবেক্ষকেরা বলছেন, তিনি সরকার গঠনের জন্য পার্লামেন্টের প্রয়োজনীয় সমর্থন পাবেন না। ফলে নতুন নির্বাচন দিতে হবে। সংবাদমাধ্যম ইঙ্গিত দিচ্ছে, গ্রিসে আগামী ২০ সেপ্টেম্বর নির্বাচন হতে পারে।