গ্রিসে 'না' জয়ী, সমঝোতার স্বার্থে অর্থমন্ত্রীর পদত্যাগ

গ্রিসে গতকাল রোববারের গণভোটে ‘না’ ভোট সুস্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছে। সমঝোতার পথ সুগম করতে গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারুফাকিস পদত্যাগ করেছেন।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গ্রিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গণভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে ‘না’ ভোট পড়েছে ৬১ দশমিক ৩ শতাংশ। ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩৮ দশমিক ৭ শতাংশ।
এই রায়ের মধ্য দিয়ে দেশটির জনগণ ঋণদাতাদের দেওয়া কঠোর কৃচ্ছ্রসাধনের শর্তসংবলিত অর্থনীতি পুনরুদ্ধারের প্রস্তাব (বেইল আউট) প্রত্যাখ্যান করেছে।
গণভোটের ফলাফলে উৎফুল্ল হাজারো জনতা গ্রিসের রাজপথে নেমে বিজয় উদ্যাপন করে। ইউরোপীয় কর্মকর্তারা সতর্ক করেছেন, গণভোটের রায়ের ফলে ইউরোজোন থেকে ছিটকে পড়তে পারে গ্রিস।
গণভোটের ফলাফলের প্রতিক্রিয়ায় গতকাল রাতে দেশটির প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বলেছেন, জনগণ প্রমাণ করেছে, ভয় দেখিয়ে কারও স্বার্থ হাসিলের চেষ্টার কাছে গণতন্ত্র নতি স্বীকার করেনি।
টেলিভিশনে দেওয়া ভাষণে সিপ্রাস বলেন, ‘গত সপ্তাহে দেওয়া প্রতিকূল শর্তের (ঋণদাতাদের পুনরুদ্ধারের প্রস্তাব) ব্যাপারে আপনারা খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আমি সচেতন আছি, আপনারা আমাকে যে কর্তৃত্ব দিয়েছেন, তা বিচ্ছেদের জন্য নয়।’
গ্রিসের প্রধানমন্ত্রী জানান, গণভোটের পর আলোচনার টেবিলে ফিরবে গ্রিস।
ঋণদাতাদের সঙ্গে সমঝোতার পথ সুগম করতে বিস্ময়করভাবে পদত্যাগ করেছেন গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস। এর আগে তাঁর সঙ্গে ঋণদাতাদের একাধিকবার বিবাদ হয়েছে।
গ্রিসে গণভোটের ফলাফলের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তাঁদের প্রতিক্রিয়ায় হতাশার সঙ্গে আছে সতর্কতা।