গ্রিসের কাছে নৌকাডুবি ১১ শরণার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের সামোস দ্বীপের কাছে একটি নৌকা ডুবে ছয় শিশুসহ ১১ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ গতকাল রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
তুর্কি উপকূল থেকে গ্রিসে যাওয়ার পথে সামোস দ্বীপের মাত্র ২০ মিটার দূরে নৌকাটি উল্টে যায়। এটির ভেতরের একটি কেবিনে আটক অবস্থায় ১০ জনের মৃত্যু হয়। আর একটি ছোট্ট মেয়ের লাশ কাছাকাছি সৈকতে ভেসে ওঠে। কোস্টগার্ড জানায়, ওই নৌকার ১৫ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। দুজন এখনো নিখোঁজ।
নতুন করে নৌকাডুবির ঘটনায় গত সোমবার থেকে এ পর্যন্ত গ্রিসের লেসবস, কালিমনোস, রোডস ও সামোস দ্বীপের কাছে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। তাদের ২৮ জন শিশু। কেবল গত শুক্রবারই ১৭ শিশুসহ ২২ জন প্রাণ হারান। এসব শরণার্থীর অধিকাংশই সিরিয়া থেকে পালিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, চলতি বছর এ পর্যন্ত মোট ৫ লাখ ৮০ হাজার ১২৫ জন শরণার্থী ও অভিবাসী গ্রিসের বিভিন্ন উপকূলে পৌঁছান। আর ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে গেছেন মোট ৭ লাখ ২৩ হাজার ২২১ জন।
হিমায়িত ট্রাকে ১৩০ শরণার্থী: বুলগেরিয়ায় একটি হিমায়িত ট্রাকে করে প্রায় ১৩০ জন শরণার্থীকে নিয়ে যাওয়ার সময় গত শনিবার আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাড়িটির চালককে গ্রেপ্তার করা হয়েছে। আটক আরোহীদের ৩৮ জন পুরুষ, ৩৩ জন নারী ও ৫৮টি শিশু। তুর্কি সীমান্ত দিয়ে ওই শরণার্থীরা বুলগেরিয়ায় প্রবেশ করেন। তাঁদের অধিকাংশই সিরিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। কারও শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
মানব পাচারকারীদের সাহায্য নিয়ে শরণার্থীরা ইউরোপের বিভিন্ন দেশের ওপর দিয়ে উত্তর-পশ্চিমে তুলনামূলক সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। অস্ট্রিয়ায় গত আগস্টে একটি হিমায়িত গাড়ির ভেতরে ৭১ জনের লাশ পাওয়া যায়।