দাতাদের দেওয়া আর্থিক পুনরুদ্ধার কর্মসূচির প্রস্তাবের (বেইলআউট) পক্ষে-বিপক্ষে আগামী ৫ জুলাই গ্রিসে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে গতকাল সোমবার দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
গত শনিবার ওই গণভোট আহ্বান করে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস জনগণের কাছে দাতাদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘না’ ভোট আহ্বান জানান। এরপর গতকাল রাজধানী এথেন্সসহ বিভিন্ন শহরে ‘না’ ভোটের পক্ষে মিছিল-সমাবেশ করেন প্রায় ১৭ হাজার মানুষ। খবর এএফপি ও রয়টার্সের।
গ্রিসকে ইউরোপীয় ঋণদাতা দেশ ও সংস্থাগুলোর ওই বেইলআউট কর্মসূচির প্রস্তাবের শর্ত মানা না-মানার ওপর নির্ভর করছে ঋণসংকটে জর্জরিত দেশটির ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকার বিষয়টি।
বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল ইইউর প্রধান জ্যঁ-ক্লদ ইয়ুংকার গ্রিসের প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, তিনি গ্রিসের বামপন্থী সিরিজা সরকারের আচরণে নিজেকে ‘প্রতারিত’ বলে মনে করছেন। তিনি বলেন, এই অবস্থায় দেশটির ভোটারদের ‘সত্যের’ পক্ষে সমর্থন জানানোর সময় এসেছে।
জ্যঁ-ক্লদের সঙ্গে তাঁর এই অবস্থানের পক্ষে যোগ দিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজিসহ অন্যান্য ইইউ নেতা।
জ্যঁ-ক্লদ বলেন, ‘আমার গভীর ভালোবাসার পাত্র গ্রিসের জনগণকে আমি বলব, কেবল মৃত্যুর ভয়েই আপনারা আত্মহত্যার মতো সিদ্ধান্তকে বেছে নেবেন না। রোববার আপনারা হ্যাঁ ভোট দিন।’
দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কায় গত কয়েক দিনে দেশটির জনগণ ব্যাংকগুলো থেকে ৪০০ কোটি ইউরোর বেশি তুলে নিয়েছেন। আর আর্থিক সংকট কাটাতে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক দেশটিকে জরুরি তহবিল সরবরাহে রাজি না হওয়ায় অনেকটা বাধ্য হয়ে সরকার দেশের ব্যাংকগুলো বন্ধ করে দিয়েছে।