গ্রিসের গোদে শরণার্থীদের বিষফোড়া

‘পর্যটকেরা এখন আর এ এলাকায় নেই। পর্যটকের বদলে রেস্তোরাঁ ও রিসোর্টে আশ্রয় নিয়েছে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী লোকজন। তাদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তার ওপর সস্তা দরে স্যান্ডউইচ ও চা-কফি বিক্রি করতে হচ্ছে। এতে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠছে।’
গ্রিসের বিনোদনকেন্দ্র কসের অলিম্পিয়া গ্রিক রেস্তোরাঁর স্বত্বাধিকারী ইভা কিতরিনার কণ্ঠে এই হতাশার সুর। এই হতাশার সুর ওই অঞ্চলের প্রায় সব অবকাশ যাপনকেন্দ্র ও রেস্তোরাঁর মালিকের।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সম্প্রতি ইউরোপে বিশাল আকারে অভিবাসী-সংকট সৃষ্টি হয়েছে। সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে সংঘাতের কারণে সেখান থেকে পালিয়ে ইউরোপের দেশগুলোতে অভিবাসন প্রত্যাশীরা শরণার্থী হিসেবে গ্রিসের দ্বীপ ও পর্যটন এলাকা কসে আশ্রয় নিয়েছে। হাজারো শরণার্থীর ভিড়ে পর্যটকেরা এখন কসের সৈকত ছেড়ে চলে যাচ্ছেন। ক্রমশ কসের বিনোদনকেন্দ্র হয়ে উঠছে শরণার্থীদের আশ্রয়শিবির।
এমনিতে অর্থনৈতিক দিক দিয়ে ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থানে এখন গ্রিস। শরণার্থীদের এই ভিড়ের কারণে পর্যটকেরা বিনোদনকেন্দ্রগুলো ছেড়ে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই এলাকার ব্যবসায়ীরা। হাজারো শরণার্থীর শৌচাগার, সুপেয় পানি এবং বিদ্যুতের সরবরাহও করতে হচ্ছে ব্যবসায়ীদের। তবু মুখ ফিরিয়ে নেননি তাঁরা। এই সংকটের মুখেও শরণার্থীদের সহযোগিতা করে যাচ্ছেন।
অলিম্পিয়া গ্রিক রেস্তোরাঁর স্বত্বাধিকারী ইভা কিতরিনা বলেন, ‘আমাদের রেস্তোরাঁয় এখন আর কোনো পর্যটক আসছেন না। গত সপ্তাহ থেকে ওটা শরণার্থীদের রেস্তোরাঁ হয়ে গেছে। শরণার্থীরা এসে এখানে খুব সস্তা দরের স্যান্ডউইচ, চা ও কফি চাইছে। বাধ্য হয়ে এসব বিক্রি করতে হচ্ছে।’
সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে সংঘাতের কারণে ওই দেশগুলোর বাসিন্দারা পালিয়ে ইউরোপের দেশে যাওয়ার চেষ্টা করছে। ইউরোপের দেশগুলোতে ঢোকার জন্য তারা পথ হিসেবে ব্যবহার করছে গ্রিসকে। শেষমেশ এখান থেকেও অন্য কোনো দেশে ঢুকতে না পেরে শরণার্থী হয়ে আশ্রয় নিচ্ছে গ্রিসের পর্যটন নগর কস এলাকায়। গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ হাজারো শরণার্থীকে নিবন্ধনের মাধ্যমে অলিম্পিয়া গ্রিক রেস্তোরাঁর পাশে আশ্রয় দিয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার খাবার, পানি ও শৌচাগারের স্বল্পতার কারণে শরণার্থীরা হট্টগোল করলে পুলিশ তাদের লাঠিপেটা করে।
ইভা কিতরিনা বলেন, ‘আমাদের রেস্তোরাঁয় একটি শৌচাগার। কিন্তু শরণার্থী হাজার হাজার। রেস্তোরাঁয় আমরা মাত্র তিনজন মানুষ কাজ করি। আমি বাদে একজন রান্না করে, একজন ঘর পরিষ্কার করে। তাহলে ভাবুন, আমরা এই তিনজন মানুষ কী করে এত এত শরণার্থীকে সাহায্য করব!’ তিনি বলেন, ‘এটা শরণার্থীদের দোষ নয়। আবার এই ছোট্ট একটা দ্বীপে আমাদেরও কোনো দোষ নেই।’
কসের ইয়াচ ক্যাফে নামের আরেকটি রেস্তোরাঁর মালিক থিওডোর জাগাসের হতাশা অন্য রকম। ৩৫ বছর বয়সী গ্রিসের এই নাগরিক বলেন, ‘এখন পর্যটক আসার সময়। অথচ এই সময় গত বছরের তুলনায় লাভ অনেক কম হচ্ছে। গত বছরের আগস্ট মাসের চেয়ে এবার ৭০ থেকে ৭৫ শতাংশ লাভ কম হচ্ছে।’ তিনি বলেন, অভিবাসী ও শরণার্থীদের জন্য আমার দরদ আছে ঠিকই, তাদের আমি সাধ্যমতো সাহায্যও করব, কিন্তু আমাকে শ্রমিকদের মজুরি দিতে হয়, কর দিতে হয়। এটাও মনে রাখতে হবে।’
ব্যবসার এই ক্ষতি পুষিয়ে দিতে স্থানীয় কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আছে কি না? এমন প্রশ্নের জবাবে থিওডোর জাগাস বলেন, ‘শরণার্থীরা যদি এই মুহূর্তে থাকার জন্য অন্য কোথাও ভালো জায়গা পায়, তাহলে পর্যটকেরা আবার এই সৈকতে আসবেন, আবার তাঁরা আনন্দ উপভোগ করবেন। এটাই আমাদের জন্য ভালো।’
তবে এই সৈকতে এখনো যেসব পর্যটক রয়েছেন, তাঁরা শরণার্থীদের সহমর্মী হয়েছেন। সৈকতে দেখা গেছে, একজন জার্মান তরুণী সৈকতে খাটানো তাঁবুতে থাকা শরণার্থীদের নিজ উদ্যোগে খাবার ও পানি সরবরাহ করছেন। কস সৈকতের পাশেই ক্যাপ্টেন ইলিয়াস হোটেলেও অনেক শরণার্থী মানবেতর জীবন যাপন করছে। সেখানে মার্কিন এক দম্পতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
এমনই একজন পর্যটক হলেন হেলেন ব্রনকানো। কোপেনহেগেন থেকে স্বামী ও দুই সন্তান সঙ্গে নিয়ে একটু অবসর কাটাতে এসেছেন কসে। তিনি বলেন, ‘পর্যটন সংস্থাগুলো একজনের সঙ্গে ২০ কিলোগ্রাম ওজনের ব্যাগ বহন করার অনুমতি দেয়। এই ব্যাগে করে আমরা শরণার্থীদের জন্য কাপড় নিয়ে এসেছি।’
নিজেই ছোট ছোট সন্তানদের নিয়ে স্থান সংকটে পড়া হেলেন ব্রনকানো বলেন, ‘অবসর কাটাতে আসা এই সময়টার কথা অবশ্যই মনে থাকবে। কারণ এই সময়টাই কিছু মানুষ (শরণার্থী) সম্পর্কে একটু ভিন্নভাবে ভাবার সুযোগ করে দিয়েছে। আমি ডেনমার্কে ফিরে গিয়ে অনলাইনে সিরিয়ার সংঘাত সম্পর্কে জানার চেষ্টা করব। এ বিষয়ে আমি তেমন কিছুই জানি না। তাই জানার চেষ্টা করব, আসলেই সেখানে কী ঘটছে? কী কারণে হাজারো মানুষ এখানে শরণার্থী হয়ে মানবেতর জীবন যাপন করছে।’