গ্রিসের জন্য ৭০০ কোটি ইউরোর জরুরি ঋণ
গ্রিসের ব্যাংকগুলো আপাতত চালু রাখতে জরুরি ৭০০ কোটি ইউরোর তহবিল দিতে গতকাল বৃহস্পতিবার একমত হয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। তৃতীয় দফার অর্থনৈতিক পুনরুদ্ধার (বেইল আউট) কার্যক্রম চূড়ান্ত অনুমোদনের আগ পর্যন্ত গ্রিসের আর্থিক কার্যক্রম চালু রাখতে এ ঋণের অর্থ ব্যবহৃত হবে। খবর রয়টার্স ও বিবিসির।
ইউরোজোনের দেওয়া কঠোর সংস্কার প্রস্তাব গ্রিসের পার্লামেন্টে পাস হওয়ার কয়েক ঘণ্টা পর ইউরোজোন মন্ত্রীদের আলোচনা শুরু হয়।
একজন কর্মকর্তা বলেন, ইউরোজোনের মন্ত্রীরা গ্রিসকে অন্তর্বর্তী ওই ঋণ দেওয়ার বিষয়ে ইতিমধ্যেই নীতিগতভাবে সম্মত হয়েছিলেন। তিনি আরও বলেন, গ্রিসের অর্থনীতি পুনরুদ্ধারে ইউরোজোনভুক্ত দেশের পার্লামেন্টগুলোতে ভোটের পর শুক্রবার ঋণের বিষয়টি ঘোষণা করা হবে।
গ্রিসের পার্লামেন্টে কর বৃদ্ধি ও পেনশন ভাতা কমানোর বিষয়ে সংস্কার প্রস্তাব পাস করার শর্তে ইউরোজোনের মন্ত্রীরা গত সোমবার দেশটির অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচির বিষয়ে সম্মত হন।
গত বুধবার বেইল আউটের জন্য ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা ওই কঠোর শর্তাবলিতে আশাতীতভাবে অনুমোদন দেন গ্রিসের সাংসদেরা। প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, তিনি নিজেও ওই রকম কৃচ্চ্ছ্রসাধনের নীতিতে বিশ্বাস করেন না, তবে গ্রিসকে ইউরোজোনে থাকতে হলে এটিই একমাত্র উপায়। তবে সদ্য সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসসহ ক্ষমতাসীন সিরিজা পার্টির অনেক সাংসদই এসব শর্তের বিপক্ষে ভোট দেন। সংসদের ভেতরে সাংসদ আর রাজপথে উত্তেজিত জনতা এই বেইল আউট প্রস্তাবের বিরোধিতা করেন।
ব্রাসেলস আগেই বলেছিল, গ্রিসের অর্থনীতিকে পুনরায় চাঙা করার বিষয়ে আবারও আলোচনায় বসার আগে ইইউর শর্তগুলোকে মেনে নিতে হবে। পরিকল্পনাটির পক্ষে ভোট দিতে সাংসদদের অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী সিপ্রাস। নতুন এই পরিকল্পনায় কর বৃদ্ধি করা, অবসরে যাওয়ার বয়স বাড়ানোসহ বেশ কিছু নীতিগত পরিবর্তন রয়েছে।
এদিকে গ্রিসের ব্যাংকগুলো খোলার অনুমোদন দিয়ে তহবিল সরবরাহের বিষয়টি সহজ করার কথা বিবেচনা করছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। গ্রিস নগদ অর্থের বড় সংকটে ভুগছে। দেশটির ব্যাংকগুলো দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।