গ্রিসের দ্বীপে শিশুর মৃতদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার গ্রিসের লেসবস দ্বীপে ভেসে এল মাত্র এক বছর বয়সী একটি শিশুর মৃতদেহ। এর আগে গত ২ সেপ্টেম্বর পরিবারের সঙ্গে ইজিয়ান সাগর দিয়ে পরিবারের সঙ্গে গ্রিসে যাওয়ার চেষ্টা করেছিল সিরীয় শিশু আয়লান কুর্দি। নৌকা ডুবে আয়লান, তার মা ও ভাইয়ের মৃত্যু হয়। তুরস্কের একটি সমুদ্রসৈকতে আয়লানের প্রাণহীন দেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বব্যাপী গণমানুষের হৃদয়ে নাড়া দেয়। খবর বিবিসির।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনী গতকাল শুক্রবার জানায়, ইজিয়ান সাগর হয়ে গ্রিসে আসার পথে ৫৭ জন অভিবাসন-প্রত্যাশী বহনকারী একটি রাবারের ডিঙি নৌকা ফুটো হয়ে চুপসে গেলে ওই শিশুটি মারা যায়। শিশুটির মৃতদেহসহ রাবারের নৌকাটি লেসবস দ্বীপে ভেসে আসে।
শিশুটির নাগরিকত্ব প্রকাশ করা হয়নি। গত বৃহস্পতিবার রাতে ওই ডিঙি নৌকা থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নৌকায় আরোহী বাকি লোকদের উদ্ধার করা হয়েছে। নৌকাটি চুপসে যাওয়ার পর তাঁদের কেউ কেউ সাগরেই ভাসছিলেন।
যুদ্ধকবলিত দেশ বিশেষত সিরিয়া, আফগানিস্তান ও ইরাক থেকে যেসব হাজার হাজার অভিবাসন-প্রত্যাশী তুরস্কের উপকূল হয়ে ঝুঁকিপূর্ণ সাগর পাড়ি দিয়ে গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে শিশুটি তাদেরই একজন।
জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলেছে, এ বছর প্রায় চার লাখ অভিবাসী গ্রিসে পাড়ি জমিয়েছে। এদের অধিকাংশের গন্তব্যই জার্মানি।
বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ইজিয়ান সাগরের লেসবস, চিয়োস, সামোস, ফার্মাকোনিসি ও আগাথোনিসি দ্বীপের উপকূল থেকে ৫৪২ জন অভিবাসন-প্রত্যাশী ও শরণার্থীকে উদ্ধার করেছেন গ্রিসের উপকূলরক্ষীরা।