গ্রিসের পার্লামেন্টে উঠল দ্বিতীয় বিল, আজ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক সংস্কার প্যাকেজ (বেইল আউট) নিয়ে আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে আলোচনার জন্য গ্রিসের সরকার গতকাল মঙ্গলবার পার্লামেন্টে দ্বিতীয় খসড়া বিল উত্থাপন করেছে। বিলটির ওপর আজ বুধবার ভোটাভুটি হবে। পার্লামেন্টের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।
১৩ জুলাই গ্রিসের সঙ্গে ঋণদাতাদের চুক্তি হয়েছে। তাদের কাছ থেকে তৃতীয় দফায় ঋণ পাওয়ার জন্য গ্রিসকে এখন অনেকগুলো সংস্কার কর্মসূচি চালু করতে হবে। এসব সংস্কারের পক্ষে সম্মতি নেওয়ার লক্ষ্যে গতকাল দ্বিতীয় বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয়। ঋণ পেতে হলে বিলটি অবশ্যই পাস হতে হবে। এই ভোটাভুটি দেশটির প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের জন্য আরেকটি অগ্নিপরীক্ষা। গত সপ্তাহে প্রথম বিলের ওপর ভোটাভুটির সময় তাঁর সিরিজা দলের আইনপ্রণেতাদের একটি অংশের বিরোধিতার মুখে পড়েন।
সরকারি কর্মচারীদের ইউনিয়ন এডিইডিওয়াইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আজ বুধবার বিকেলে বিলটির ওপর জরুরি বিতর্ক চলাকালে বিলটির বিপক্ষে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করা হবে।
গ্রিসের সরকার আগামী তিন বছরের জন্য আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে ৯ হাজার ৩০০ কোটি ডলার ঋণ সহায়তা পেতে গত সপ্তাহে কঠোর সংস্কার আনার ব্যাপারে সমঝোতায় পৌঁছায়।
গত বুধবার সংস্কারবিষয়ক প্রথম বিলটি পাস হয় ইউরোপীয়পন্থী বিরোধী এমপিদের সহযোগিতায়। প্রধানমন্ত্রীর নিজ দলের ৩২ জন এমপি বিলটির বিপক্ষে ভোট দেন। বিলটিতে শিগগির গ্রিসের কর, অবসরভাতা ও শ্রম আইন সংস্কারের প্রস্তাব ছিল।