গ্রিসের পার্লামেন্টে পাস দ্বিতীয় সংস্কার বিলও
গ্রিসের পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফার আর্থিক সংস্কারের বিল পাস হয়েছে। ক্ষমতাসীন দল সিরিজা পার্টির আইনপ্রণেতাদের মধ্যেই এ প্রস্তাব নিয়ে দ্বিমত থাকলেও বিরোধী দলের ইউরোপীয় ইউনিয়নপন্থীদের সমর্থনে সহজেই বাধা উতরে গেছেন প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। খবর বিবিসির।
দ্বিতীয় বিলটি পাস হওয়ায় আর্থিক পুনরুদ্ধার প্যাকেজ (বেইলআউট) নিয়ে আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আলোচনা আবার শুরু হবে।
১৩ জুলাই গ্রিসের সঙ্গে ঋণদাতাদের চুক্তি হয়। তাদের কাছ থেকে তৃতীয় দফায় ঋণ পাওয়ার জন্য গ্রিসকে এখন অনেকগুলো সংস্কার কর্মসূচি চালু করতে হবে। এর মধ্যে বিচার বিভাগের সংস্কার এবং গ্রিসের ব্যাংকগুলোর তারল্য ধরে রাখার বিষয় রয়েছে।
এসব সংস্কারের পক্ষে এমপিদের সম্মতি নেওয়ার লক্ষ্যে গত মঙ্গলবার গ্রিসের পার্লামেন্টে দ্বিতীয় বিলটি উত্থাপন করা হয়। দাতাদের কাছ থেকে প্রতিশ্রুত ৮ হাজার ৬০০ কোটি ইউরো ঋণ পেতে বিলটি পাস হওয়ার কোনো বিকল্প ছিল না। বলা হচ্ছে, খাদের কিনারে পৌঁছে যাওয়া গ্রিসের অর্থনীতি এবং ইউরোজোনে দেশটির ভবিষ্যৎ এই বেইলআউটের ওপরই নির্ভর করছে।
গত বুধবার গ্রিসের পার্লামেন্টে ওই সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বিলের ওপর ভোটাভুটি হয়। সরকারপক্ষের শঙ্কা সত্ত্বেও বিলটির পক্ষে ২৩০ ভোট এবং বিপক্ষে মাত্র ৬৩ ভোট পড়ে। এবার বিলের বিপক্ষে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রীর সিরিজা পার্টির সদস্যই রয়েছেন ৩১ জন।
পার্লামেন্টে যখন এ বিলের ওপর আলোচনা চলছিল, তখন বাইরে কয়েক হাজার নাগরিক কৃচ্ছ্রতার বিরোধিতায় বিক্ষোভ করছিলেন। এ সময় বিক্ষোভ থেকে পুলিশের দিকে পেট্রলবোমাও ছোড়া হয়।
এদিকে গ্রিসের ঋণ প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আজ শুক্রবার এথেন্সে বসছেন ইউরোপের ঋণদাতা কর্তৃপক্ষের নেতারা।