ঋণ পেতে দাতাদের কাছে গ্রিসের দেওয়া নতুন প্রস্তাবকে ‘বিশদ’ বলে আখ্যায়িত করল ইউরোজোনের অর্থমন্ত্রীদের ফোরাম ইউরোগ্রুপ। ইউরোগ্রুপের প্রেসিডেন্ট ইউরুন দায়সোব্লুম এই প্রস্তাব সম্পর্কে বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তা যেভাবেই আসুক।’ খবর বিবিসি ও এএফপির।
নতুন প্রস্তাবটি গৃহীত হলে ইউরোজোন থেকে গ্রিসের সম্ভাব্য বিদায় রোধ সম্ভব হবে। তবে দাতাদের কাছে আগের রাতেই পেশ করা হলেও প্রস্তাবটি গ্রিসের পার্লামেন্টে উত্থাপন করা হয় গতকাল শুক্রবার। তিন বৃহৎ ঋণদাতা ইউরোপীয় কমিশন, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস গত বৃহস্পতিবার বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই প্রস্তাবটি পাঠিয়ে দেন। এ নিয়ে গতকাল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য-ক্লদ ইয়ুংকার, ইসিবির প্রধান মারিও দ্রাঘি, আইএমএফ-প্রধান ক্রিস্টিন লাগার্দ এবং ইউরোগ্রুপের প্রেসিডেন্ট দায়সোব্লুমের বক্তব্য দেওয়ার কথা ছিল।
এই কজনের মধ্যে দায়সোব্লুম গতকাল প্রস্তাবটি নিয়ে বলেন, ‘এটি বেশ বিস্তারিত একটি নথি। গ্রিসের পার্লামেন্টের অনুমোদন এটিকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।’
গ্রিসের প্রস্তাবটি আজ শনিবার ব্রাসেলসে ইউরোজোনের অর্থমন্ত্রীদের বৈঠকে তোলা হবে। এটি পরদিন রোববার ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ অধিবেশনে উত্থাপন করা হবে।
গ্রিসের অর্থমন্ত্রী ইউক্লিদ সাকালোতস গতকাল বলেছেন, তিনি বিশ্বাস করেন, তাঁর দেশের প্রস্তাবের অধিকাংশই ইউরোজোনের অংশীদাররা মেনে নেবেন।
ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি আশা প্রকাশ করেছেন গ্রিসের প্রস্তাব আজ শনিবারই গৃহীত হবে। আর এর ফলে রোববারের বৈঠকের কোনো প্রয়োজন হবে না। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও আশাবাদী। তিনি প্রস্তাবটিকে ‘গুরুত্বপূর্ণ ও যৌক্তিক’ বলে আখ্যায়িত করেছেন। তবে নতুন প্রস্তাব নিয়ে গ্রিসের ওপর ক্ষুব্ধ জার্মানি এখনো কোনো মন্তব্য করেনি।