গ্রিসের সাগরতলে জমজমাট জাদুঘর
ইজিয়ান সাগরের স্বচ্ছ নীলাভ জলরাশি। এর নিচেই জমজমাট আয়োজন। সাগরতলে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে অসংখ্য জিনিস। রয়েছে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ।
সযতনে সাজিয়ে রাখা হয়েছে ২ হাজার ৫০০ বছরের পুরোনো ওয়াইনের পিঁপে। আর এসব দেখতে ভিড় জমিয়েছে মানুষ। মুখে অক্সিজেন মাস্ক আর পরনে ডুবুরির পোশাক পরে জলের তলের এ আয়োজন দেখতে এসেছে অনেকেই।
বলছি গ্রিসের প্রথম জলের তলের জাদুঘরের গল্প। দেশটির অ্যালোনিসোস দ্বীপে ইজিয়ান সাগরের স্বচ্ছ জলের নিচে এ জাদুঘর বানানো হয়েছে। গত বছরই আনুষ্ঠানিকভাবে জাদুঘরটি চালু হলেও বাদ সাধে করোনা মহামারি। সংক্রমণ এড়াতে কঠোর বিধিনিষেধের কারণে এখানে দর্শনার্থীদের সমাগম বন্ধ রাখা হয়। অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সাগরতলের এ জাদুঘরের দরজা।
জলের তলের এ আয়োজন দেখতে এসেছিলেন হ্যানস–জুয়েরজেন ফেরচের। ৪৮ বছর বয়সী পেশায় মনোবিদ হ্যানস বলেন, ‘এটা বিশেষ ও অনন্য। এটা ডাইভিং ও প্রত্নতত্ত্বের অপূর্ব সমন্বয়। মনে হবে, আপনি ইতিহাসে ডুব দিয়েছেন।’
তবে সাগরের তলদেশে এ জগতে ঘুরে আসতে বাড়তি অর্থ গুনতে হবে দর্শনার্থীদের। সেখানে যেতে প্রতিবার দিতে হবে ৯৫ ইউরো বা ১১০ ডলার। সাধারণ স্কুবা ডাইভিংয়ের চেয়ে এ ব্যয় প্রায় ৫০ শতাংশ বেশি। জলের তলের এ জাদুঘরে ঘুরে বেড়ানোর সময় দর্শনার্থীদের সাহায্য করার জন্য থাকবে পেশাদার গাইড। সঙ্গে থাকবেন একজন প্রত্নতত্ত্ববিদ। তিনি সেখানে সাজিয়ে রাখা সাগর ও সাগরে অভিযানসংক্রান্ত নানা প্রাচীন জিনিসের সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
করোনা মহামারিতে গ্রিসের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। সংকট সমাধানে পর্যটন খাতের ওপর বিশেষ নজর দিয়েছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে জলের তলের এ জাদুঘর পর্যটকদের নজর কাড়বে বলে আশা করছে দেশটির সরকার।
গ্রিসের পর্যটনমন্ত্রী হ্যারি থিওহ্যারিস বলেন, ব্যতিক্রমী এ জাদুঘরের মতো পর্যটনকেন্দ্রগুলোয় দেশি–বিদেশি দর্শনার্থী টানতে গত বছরই আইন পাস করে বিশেষ লাইসেন্স দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে বছরজুড়ে এসব পর্যটনকেন্দ্র মানুষের পদচারণে ভরপুর থাকবে। পর্যটন খাতের বিকাশে শিগগিরই আরও ১০টি ডাইভিং পার্ককে লাইসেন্স দেওয়া হবে।