সুইডেনের রাজধানী স্টকহোমে ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাক ঢুকিয়ে দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিই ট্রাকটির চালক বলে সন্দেহ করছে নিরাপত্তা সংস্থাগুলো।
গত শুক্রবার শহরের ড্রটনিংগাতানে পথচারীদের ভিড় মাড়িয়ে দোকানে ঢুকে যায় ট্রাকটি। এতে নিহত হয়েছেন ৪ জন। আহত ১৫ জনের বেশি। সুইডেন সরকার একে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে। তবে গতকাল শনিবার পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম-পরিচয় কিংবা হামলার কারণ সম্পর্কে কিছু বলেনি। স্টকহোম পুলিশের মুখপাত্র লারস বিসস্ট্রম গতকাল এএফপিকে বলেন, ‘এক ব্যক্তিকে স্টকহোমের উত্তরাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সন্দেহ, এই ব্যক্তিই সেই অপধারী। তাঁকে চালক হিসেবে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সুইডিশ রেডিও জানিয়েছে, হামলাকারী সম্ভবত উজবেকিস্তানের নাগরিক। আফতোনব্লোডেত পত্রিকায় বলা হয়, লোকটির বয়স ৩৯ বছর। তিনি উজবেকিস্তানের নাগরিক এবং ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক। সম্প্রচারমাধ্যম এসভিটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকে বিস্ফোরক ছিল।