কাতালোনিয়ার নেতারা আদালতে, গ্রেপ্তারের দাবি কৌঁসুলিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ঘোষণা দেওয়ায় ক্ষমতাচ্যুত স্পেনের কাতালোনিয়া অঞ্চলের সরকারের ৯ সদস্য গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালতে হাজিরা দিয়েছেন। এ সময় দেশটির কৌঁসুলিরা তাঁদের গ্রেপ্তারের আবেদন করেন আদালতের কাছে। তবে মামলার শুনানি ৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রেখেছেন সুপ্রিম কোর্ট।

এদিকে কাতালোনিয়ার নেতা পুজেমন গতকাল আদালতের শুনানিতে হাজির না হওয়ায় স্পেনের প্রধান কৌঁসুলি সর্বোচ্চ আদালতকে তাঁর বিরুদ্ধে ইউরোপিয়ান গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানান। তবে বেলজিয়াম থেকে পুজেমনের আইনজীবী বলেছেন, স্পেনের পরিবেশ এ মুহূর্তে ভালো নয়। তাঁর মক্কেল কিছুটা দূরত্ব বজায় রাখতে চান। কিন্তু তিনি আদালতকে সহযোগিতা করবেন।

গত ১ অক্টোবর অনুষ্ঠিত স্বাধীনতার প্রশ্নে গণভোটকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমনসহ তাঁর সরকারের ১৯ সদস্যের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রদ্রোহ ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে স্পেনের সুপ্রিম কোর্টে গতকাল শুনানি হয়েছে। আজ শুক্রবার হবে ন্যাশনাল কোর্টে। গতকাল হাজির হওয়া সদস্যদের আইনজীবীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুনানি মুলতবি রাখেন। তবে ন্যাশনাল কোর্টের প্রক্রিয়া চলমান রয়েছে।

কাতালোনিয়ার ভেঙে দেওয়া পার্লামেন্টের আট সদস্য গতকাল আদালতে গেলেও পুজেমনসহ তাঁর সরকারের চার মন্ত্রী হাজির হননি। তাঁরা বেলজিয়ামে অবস্থান করছেন। সেখানে পুজেমন বলেছেন, এটি স্পেন সরকারের একটি রাজনৈতিক মামলা।

স্পেনের প্রধান কৌঁসুলি আদালতে হাজির হওয়া আট সদস্যের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তবে নবম একজন সদস্যকে বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কাতালোনিয়ার বাতিল হওয়া সরকারের সদস্যদের বিরুদ্ধে স্পেনের কৌঁসুলিদের দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ প্রমাণিত হলে ১৫ থেকে ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।

এদিকে কাতালোনিয়ার ওই নেতারা গতকাল আদালতে হাজিরা দিতে গেলে সমর্থকেরা তাঁদের অভিনন্দন জানান। তবে স্পেনের পতাকা হাতে দেশটির ঐক্যের পক্ষের লোকজনও উপস্থিত ছিলেন সেখানে। তাঁরা ওই নেতাদের তিরস্কার করেন।

সমর্থকদের মধ্যে কাতালোনিয়ার ৩০ জনের একটি আইনজীবী দল আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিল। নেতারা উপস্থিত হলে তাঁরা ‘তোমরা একা নও’ বলে স্লোগান দিতে থাকেন।