ঘণ্টায় ৬২৩ কিমি যাবে যে উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোলস-রয়েসের নতুন তৈরি উড়োজাহাজের গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার
ছবি: রোলস-রয়েসের সৌজন্যে

গতির এক নতুন যুগে প্রবেশ করছে আকাশ যোগাযোগব্যবস্থা। নতুন তৈরি উড়োজাহাজের গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তবে রূপ নিয়েছে। যুক্তরাজ্যের প্রতিষ্ঠান রোলস-রয়েস উড়োজাহাজটি তৈরি করেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রোলস-রয়েসের তৈরি এই উড়োজাহাজ বৈদ্যুতিক। এর নাম দেওয়া হয়েছে ‘স্পিরিট অব ইনোভেশন’। প্রতিষ্ঠাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, বিশ্বের দ্রুতগতির উড়োজাহাজটি স্পিরিট অব ইনোভেশন। এটা নতুন তিনটি রেকর্ড করতে যাচ্ছে। এই উড্ডয়নের তথ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশনে পাঠানো হয়েছে।

এই ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন অ্যারোনটিক্যাল ও অ্যাস্ট্রোনটিক্যাল–সংক্রান্ত রেকর্ডের স্বীকৃতি দিয়ে থাকে। তাদের দেওয়া তথ্য অনুসারে, গত ১৬ নভেম্বর স্পিরিট অব ইনোভেশনের গতি পরীক্ষা করা হয়। এই উড্ডয়নের সময় ৩ কিলোমিটার উড়েছে ৫৯৯ দশমিক ৯ কিলোমিটার গতিতে এবং ১৫ কিলোমিটার চলেছে ৫৩২ দশমিক ১ কিলোমিটার গতিতে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তরের টেস্টিং সাইটে এ পরীক্ষা চালানো হয়। এ উড়োজাহাজের পরীক্ষা যে পাইলট চালিয়েছেন, তিনি হলেন ফিল ও’ডেল। তিনি ফ্লাইট অপারেশনের পরিচালকও। তিনি বলেন, ‘এটা আমার কর্মজীবনের উল্লেখযোগ্য মুহূর্ত। এটা পুরো দলের জন্য অবিস্মরণীয় অর্জন।’

রোলস-রয়েসের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বের যে রেকর্ড ছিল, তার চেয়ে এবারের গতি ২১৩ কিলোমিটার বেশি। এর আগে ২০১৭ সালে এই রেকর্ড করেছিল সিমেন্স ই-এয়ারক্র্যাফট। শুধু গতির ক্ষেত্রে যে নতুন রেকর্ড হয়েছে, এমনটি নয়। সবচেয়ে উঁচুতে উড্ডয়নের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে। তিন হাজার মিটার উচ্চতায় যাওয়ার ক্ষেত্রে যে রেকর্ড ছিল, তা–ও ভেঙেছে এ উড়োজাহাজ।

সবচেয়ে উঁচুতে উড্ডয়নের ক্ষেত্রেও রেকর্ড করেছে রোলস-রয়েসের নতুন উড়োজাহাজ
ছবি: রোলস-রয়েসের সৌজন্যে

নতুন এই সাফল্য প্রসঙ্গে রোলস-রয়েসের প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বলেন, উড়োজাহাজের কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা অর্জনের ক্ষেত্রে এই ইঞ্জিন সাহায্য করবে।