প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানিতে ট্রেনে হামলার দায়ে অভিযুক্ত এক আফগান আশ্রয়প্রার্থীর ঘরে ইসলামিক স্টেটের (আইএস) হাতে আঁকা একটি পতাকা পাওয়া গেছে। বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইউয়াখিম হেরমান গতকাল মঙ্গলবার বলেন, ঘটনাস্থলের পার্শ্ববর্তী অকসেনফুর্ট শহরের যে বাড়িতে অভিযুক্ত হামলাকারী থাকত, সেখানে আইএসের পতাকাটি পাওয়া যায়। গত সোমবার সন্ধ্যায় বাভারিয়া প্রদেশে একটি ট্রেনে ১৭ বছরের ওই আফগান তরুণ কুড়াল ও ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা করে। এতে হংকংয়ের চার নাগরিক আহত হন। এক প্রত্যক্ষদর্শী বলেন, হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল। সে পালাতে গেলে তাকে হত্যা করে পুলিশ। আইএসের সঙ্গে যুক্ত সংবাদ সংস্থা আমাক বলেছে, ওই তরুণ আইএসের একজন ‘যোদ্ধা’। আইএসবিরোধী জোট রাষ্ট্রে হামলার আহ্বানে সাড়া দিয়েই সে হামলা চালায়।
রয়টার্স