চলতি সাইবার হামলা জেগে ওঠার সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বলেছে, বিশ্বের কমপক্ষে দেড় শটি দেশের কম্পিউটার-ব্যবস্থায় গত শুক্রবার থেকে যে নজিরবিহীন সাইবার হামলা হয়েছে, তাকে ‘জেগে ওঠার সংকেত’ হিসেবে বিবেচনা করতে হবে। বিভিন্ন দেশের সরকারের প্রতি গতকাল সোমবার এ সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে নতুন কিছু ঘটনার কথা জানা গেলেও পরিস্থিতি ‘স্থিতিশীল’ বলে গতকাল জানায় ইউরোপীয় পুলিশ সংস্থা ইউরোপোল।
মাইক্রোসফটের অভিমত, সরকারি প্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণভাবে তথ্য সংরক্ষণ করেছে বলেই হ্যাকাররা সেগুলো চুরি করার সুযোগ পেয়েছে। আর মার্কিন গোয়েন্দা সংস্থায় ব্যবহৃত মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি ত্রুটির সুযোগ নিয়ে সর্বশেষ ভাইরাস আক্রমণটি হয়েছে।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ও প্রধান আইনি কর্মকর্তা ব্র্যাড স্মিথ গত রোববার এক বিবৃতিতে বিভিন্ন দেশের সরকারি কম্পিউটারে ‘নিরাপত্তা ঘাটতির’ সমালোচনা করেন।
হ্যাকাররা কম্পিউটার-ব্যবস্থা অচল করে দিয়ে অর্থের বিনিময়ে তা আবার মুক্ত করে দেওয়ার প্রস্তাব দিচ্ছে। ‘র্যানসম’ বা মুক্তিপণ দাবি করা হয় বলে এ ধরনের সাইবার হামলাকে ‘র্যানসমওয়্যার অ্যাটাক’ বলা হয়।
বিশ্বের বহু স্থানে সপ্তাহের প্রথম কর্মদিবসে গতকাল নতুন করে সাইবার হামলার শঙ্কা থাকলেও অফিস-আদালতে কাজ শুরু হওয়ার পর তা অনেকটাই দূর হয়েছে। সম্ভাব্য নতুন হামলা ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটির দিনেও (শনি ও রোববার) বিশেষজ্ঞরা কাজ করেন।
বিশেষজ্ঞরা বলেছেন, এ ঘটনায় দুই লাখের বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে। এশীয় দেশগুলোয় গতকাল পর্যন্ত ওই হামলার প্রতিক্রিয়া কম দেখা গেছে। দক্ষিণ কোরিয়া বলেছে, সেখানে মাত্র নয়টি র্যানসমওয়্যার হামলা হয়েছে। জাপানের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নিশান ও হিটাচির কয়েকটি শাখা ক্ষতিগ্রস্ত হয়।