চলে গেলেন ইতালির লেখক উমবের্তো একো
জনপ্রিয় উপন্যাস ‘দ্য নেম অব দ্য রোজ’খ্যাত ইতালীয় লেখক ও দার্শনিক উমবের্তো একো আর নেই। ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি আজ শনিবার এ কথা জানিয়েছে।
ইতালির লা রিপাবলিকা পত্রিকার খবরে বলা হয়েছে, একো দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। গতকাল শুক্রবার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পত্রিকাটি তাঁর সম্পর্কে লিখেছে, সমসাময়িক সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারাল বিশ্ব।
একো ১৯৩২ সালের ৫ জানুয়ারি ইতালির উত্তরাঞ্চলীয় শহর আলেসান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি জার্মানির শিল্প-বিষয়ক শিক্ষক রেনাতে রামজে একোকে বিয়ে করেন। তাঁর এক ছেলে ও মেয়ে আছে।
আশির দশকে ‘দ্য নেম অব দ্য রোজ’ উপন্যাস একোকে খ্যাতি এনে দেয়। এটি ৪৩টি ভাষায় অনুবাদ করা হয়েছে। বিক্রি হয়েছে লাখ লাখ। একোর আরও কয়েকটি উপন্যাস হচ্ছে ‘ফুকো’জ পেন্ডুলাম’ (১৯৮৮), ‘দ্য আইল্যান্ড অব দ্য ডে বিফোর’ (১৯৯৫), ‘বাউদোলিনো’ (২০০০), ‘দ্য প্রাগ সিমেট্রি’ (২০১০)।
‘আমি একজন দার্শনিক; কেবল সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই আমি উপন্যাস লিখি’—এমনটাই ছিল নিজের সম্পর্কে এই লেখকের উপলব্ধি।