চলে গেলেন সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান পুনঃএকত্রীকরণের পর একটি সমাবেশে সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল
জার্মান পুনঃএকত্রীকরণের পর একটি সমাবেশে সাবেক জার্মান চ্যান্সেলর হেলমুট কোল

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভক্ত জার্মানি এবং ইউরোপীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম স্থপতি হেলমুট কোল মারা গেছেন। গতকাল শুক্রবার জার্মানির রাইনল্যান্ড প্রদেশের লুদভিগহাফেন শহরে নিজ বাসভবনে ৮৭ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। ১৯৩০ সালে তার জন্ম হয়েছিল এই শহরেই তার বাবা ছিলেন একজন রাজস্ব কর্মকর্তা।

নব্বই পরবর্তী সারা বিশ্বে হেলমুট কোলকে দুই জার্মানি পুনঃএকত্রীকরণের চ্যান্সেলর বলে অভিহিত করা হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানি দুটি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় বিভক্ত হয়েছিল পূর্ব আর পশ্চিম জার্মানি নাম নিয়ে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভগ্নস্তূপ, দুর্ভিক্ষ আর ভেঙে পড়া জার্মান অর্থনীতি দেখে হেলমুট কোলর তারুণ্য কেটেছিল। যুদ্ধ শেষ হওয়ার শেষদিকে মিত্র বাহিনীর বোমা আক্রমণে নিহত হয়েছিল তার আঠারো বছর বয়সী প্রিয় ভাই ভাল্টার কোল। স্বজন হারানো আর তারুণ্যে বিশ্বযুদ্ধ দেখা হেলমুট কোল যুদ্ধকে ঘৃণা করতেন। ১৯৫০ সালে তিনি ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয় থেকে আইন ও ইতিহাস বিষয়ে পড়াশোনা শেষ করেন।

হেলমুট কোল ১৯৬৯ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত জার্মানির রাইনল্যান্ড ফ্যালৎস প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সাল থেকে ১৯৯৮, প্রায় ষোলো বছর তিনি জার্মান চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছিলেন। তার সময়েই বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলের সাধার সম্পাদক ও পরে কোল মন্ত্রিসভায় যোগ দেন।

যুদ্ধ পরবর্তী পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলি আর পশ্চিম ইউরোপের পুঁজিবাদী দেশগুলি ওয়ারশর আর ন্যাটো সামরিক জোট গঠনের মধ্য দিয়ে স্নায়বিক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। নব্বই এর দশকে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলিতে অধিকতর গণতন্ত্র আর নাগরিক অধিকারের আন্দোলন শুরু হলে তার ঢেউ এসে লেগেছিল পূর্ব জার্মানিতেও। ১৯৮৯ সালের ৮ নভেম্বর পূর্ব জার্মানির কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্যরা পদত্যাগ করার মাধ্যমে ভেঙে পড়েছিল পূর্ব জার্মান সরকার, আর ৯ নভেম্বর ভেঙে যায় বার্লিনকে বিভক্ত করে রাখা আটাশ বছর আগের তৈরি প্রাচীর।

মধ্য ইউরোপে রাজনৈতিক পট পরিবর্তনের সেই অনিশ্চিত সময়ে জার্মান চ্যান্সেলর হেলমুট কোলর রাজনৈতিক প্রাজ্ঞতা ও দূর দৃষ্টির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চার বিজয়ী মিত্রশক্তি রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ক্ষমতাসীন নেতাদের ঐক্যভূত জার্মানির প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষার কথা বোঝাতে সক্ষম হয়েছিলেন।

৪৫ বছর ১৯৯০ সালের ৩ অক্টোবর চার মিত্রশক্তি ও দুই জার্মানির সম্মতিতে বার্লিন প্রাচীরের কোল ঘেঁষে বা বার্লিন তোরণের পাশেই ঐতিহাসিক জার্মান সংসদ ভবনের সামনের খোলা মাঠে ঐক্য প্রক্রিয়ার বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়েছিল।

ঐক্যবদ্ধ জার্মানির অন্যতম কারিগর সাবেক চ্যান্সেলর হেলমুট কোল ১৯৯০ সালে বলেছিলেন, আমরা পূর্বাঞ্চলে ফুল পরিস্ফুটিত অর্থনীতি গড়ে তুলব, কিন্তু আদতে ব্যাপারটি এত সহজ ছিল না, তারপরও হেলমুট কোল ঐক্যবদ্ধ জার্মানির সংস্কারকে যথেষ্ট এগিয়ে নিয়েছিলেন।

জার্মান চ্যান্সেলর হেলমুট কোল
জার্মান চ্যান্সেলর হেলমুট কোল

জার্মান ঐক্যের অনেক আগে থেকেই হেলমুট কোল ও ফরাসি নেতা ফ্রান্সিস মিতেঁরা পুরোধা হয়ে ইউরোপীয় জাতিগুলোর সমন্বয় এবং একটি সমন্বিত ইউরোপীয় অর্থনীতি গড়ার প্রয়াস পেয়েছিলেন।

হেলমুট কোলর মৃত্যুতে জার্মান ও বিশ্ব রাজনীতিকেরা তাদের প্রতিক্রিয়াতে বলেছেন, জার্মান তথা ইউরোপীয় ঐক্যের এই অন্যতম নেতা বিশ্ব রাজনীতিতে চির অম্লান রইবেন।