শরণার্থী সংকট: আজ ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
চাপের মুখে এক লাখ শরণার্থী নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আগামী দুই বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা আরও ৩০ হাজার শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাষ্ট্র। সিরিয়ার গৃহযুদ্ধে গৃহহীন হওয়া মানুষকে আরও বেশি সংখ্যায় আশ্রয় দিতে ওবামা প্রশাসনের ওপর চাপ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত রোববার এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ নিয়ে দুই বছরে মোট এক লাখ শরণার্থীকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিল দেশটি।
আর চলমান শরণার্থী সংকট সমাধানের প্রত্যাশায় আজ মঙ্গলবার এক বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্রমন্ত্রীরা। কাল বুধবার ডাকা হয়েছে সংস্থার আরেক জরুরি সম্মেলন। খবর গার্ডিয়ান, বিবিসি ও রয়টার্সের।
গার্ডিয়ান-এর খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, আগামী বছর তাঁর দেশ শরণার্থী গ্রহণের সংখ্যা ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজারে উন্নীত করবে। এর পরের বছর ২০১৭ সালে এ সংখ্যা বাড়িয়ে তা হবে মোট এক লাখ। সিরিয়ার শরণার্থী সংকটে সাড়া দেওয়ার ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের প্রতি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আহ্বানের জবাবে কেরি এসব কথা বলেন।
>১ লাখ ৬০ হাজার শরণার্থীর পুনর্বাসনে স্বেচ্ছাসেবামূলক একটি কর্মসূচি নেওয়ার বিষয়ে আজ বৈঠকে বসছেন ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা
জার্মানির বার্লিনে রোববার পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন, ‘শরণার্থীদের আশ্রয় দেওয়ার তাগিদ অনেক বেশি। আমরা এ আহ্বানে সাড়া দিতে বদ্ধপরিকর।’ এদিনই তাঁর এ বক্তব্যের আগে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সিবিএস নিউজকে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা যে ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যুক্তরাষ্ট্রের উচিত এর ছয় গুণ বেশি নেওয়া।
হিলারি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এখন আমরা শরণার্থী সংকট নিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্মুখীন এবং আমি মনে করি, এটি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের আরও বেশি কিছু করা দরকার।’
নিউইয়র্কে চলতি মাসে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে একটি আন্তর্জাতিক বৈঠক আহ্বান করতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিও আহ্বান জানান হিলারি। সিরীয়দের জন্য আন্তর্জাতিক ত্রাণ সহায়তায় আরও অর্থায়ন ও সাহায্যের প্রতিশ্রুতি আদায়ে দেশগুলোর প্রতি চাপ বাড়ানোর লক্ষ্যেই এ আহ্বান জানান তিনি।
এদিকে ১ লাখ ৬০ হাজার শরণার্থীর পুনর্বাসনে স্বেচ্ছাসেবামূলক একটি কর্মসূচি নেওয়ার বিষয়ে ইইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা আজ তাঁদের অনুষ্ঠেয় বৈঠকে মতৈক্যে পৌঁছাবেন বলে গতকাল সোমবার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রধান মার্টিন সুলৎজ।
জার্মানির এক সম্প্রচারমাধ্যমকে মার্টিন সুলৎজ বলেন, বৈঠকে কিছু না কিছু আলোচনা হবে। কিন্তু শেষমেশ ওই শরণার্থীদের পুনর্বাসনে স্বরাষ্ট্রমন্ত্রীরা একটা ঐকমত্যে পৌঁছাবেন বলে তাঁর আশা।
এ বৈঠকের পরদিনই কাল বুধবার ইইউর এক জরুরি সম্মেলন ডেকেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সংস্থার অন্যান্য সদস্যদেশের নেতারা চলমান শরণার্থী সংকট মোকাবিলায় যাতে যৌথভাবে দায়িত্ব গ্রহণ করেন, সে আহ্বান জানাতেই এ সম্মেলন ডেকেছেন তিনি।
শরণার্থীদের আশ্রয় দেওয়া নিয়ে ইইউর কিছু দেশ গভীর বিবাদে জড়িয়ে পড়েছে। শরণার্থীদের নিয়ে দেশগুলোর আচরণে এখন এই জোটের ঐক্যই পড়েছে হুমকির মুখে।
ওদিকে সংকট নিয়ে ইইউর নেতাদের প্রতি একটি অভিন্ন প্ল্যাটফর্মে আসার জন্য যখন চাপ বাড়ছে, তখন হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া থেকে অস্ট্রিয়ায় প্রবেশ করছেন হাজার হাজার শরণার্থী। গত শনি ও রোববার দেশটিতে অন্তত ২০ হাজার শরণার্থী প্রবেশ করেছেন।