চার্লস–ডায়ানার বিয়ের কেকের টুকরা আড়াই হাজার ডলারে বিক্রি
চার দশক পরে এসে নিলামে বিক্রি হয়েছে যুক্তরাজ্যের প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ের কেকের একটি টুকরা। দাম উঠেছে ১ হাজার ৮৫০ ইউরো বা ২ হাজার ৫৫৮ মার্কিন ডলার। স্থানীয় সময় বুধবার যুক্তরাজ্যের ডমিনিক উইন্টার অকশনিয়ার্সে চালর্স ও ডায়ানার বিয়ের এই কেকের টুকরাটি বিক্রি হয়।
এই বিষয়ে ডমিনিক উইন্টার অকশনিয়ার্সের রাজপরিবারের স্মৃতিস্মারকবিষয়ক বিশ্লেষক ক্রিস অ্যালবুরি বলেন, নিলামে কেকের টুকরাটি নিয়ে অনেক মানুষের আগ্রহ দেখা গেছে। বিশেষত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সংগ্রাহকদের আগ্রহ ছিল আকাশচুম্বী। যা আমাদের ধারণা ছাপিয়ে গেছে।
যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর লিডসের একজন ব্যক্তি চার দশক আগের রাজকীয় বিয়ের এই কেকের টুকরাটি নিলামে কিনে নিয়েছেন বলে জানান ক্রিস। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। এজন্য তাঁকে গুণতে হয়েছে ২ হাজার ৫৫৮ মার্কিন ডলার।
নিলামে তোলার আগে নিলাম ঘর ডমিনিক উইন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজকীয় বিয়ের এই কেকের টুকরাটির ওজন প্রায় ২৮ আউন্স। সোনালি, লাল, নীল, সাদা ও রুপালি রঙের মিশেলে কেকটি বানানো হয়েছিল। ৪০ বছরের পুরোনো হলেও এটি এখনো ভালো আছে। তবে প্রতিষ্ঠানটি এটা খাওয়ার জন্য নিরুৎসাহিত করছে।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ে হয়েছিল ১৯৮১ সালের ২৯ জুলাই। এর পর তাঁদের দুই সন্তান হয়েছে। হয়েছে বিবাহবিচ্ছেদ। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন ডায়ানা। চার্লস আবারও বিয়ে করে সংসারী হয়েছেন। তবে চার্লস ও ডায়ানাকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কখনোই কমেনি।
ওইসময় চার্লস-ডায়ানার রাজকীয় বিয়েতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। তার মধ্য থেকেই একটি কেকের টুকরা চার দশক পরে এসে নিলামে বিক্রি হয়েছে। এ টুকরাটি রাজপরিবারের পক্ষ থেকে পাঠানো হয়েছিল ময়রা স্মিথকে। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের মায়ের জন্য কাজ করতেন।
৪০ বছর ধরে স্মিথ পরিবারের সদস্যরা কেকের টুকরাটি প্লাস্টিকে মুড়ে পুরোনো একটি টিনের কৌটায় সংরক্ষণ করে এসেছেন। ২০০৮ সাল সেটি স্মিথ পরিবারের হাত থেকে নিলাম ঘরে আসে। এরও প্রায় ১৩ বছর পর এসে রাজকীয় বিয়ের কেকের টুকরাটি নিলামে তোলা হয়েছে।
এত বছর পর এসেও চার্লস-ডায়ানার রাজকীয় বিয়ে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। কয়েক মাস আগে ডায়ানার বিয়ের পোশাক কেনসিংটন প্রাসাদে সাধারণের দেখার জন্য প্রদর্শনীর আয়োজন করেছিলেন চার্লস-ডায়ানার দুই সন্তান উইলিয়াম ও হ্যারি। প্রিন্স চার্লস বাগ্দানের সময় ডায়ানাকে যে গাড়ি উপহার দিয়েছিলেন, সেটিও নিলামে বিক্রি হয়েছে। দাম উঠেছিল ৭২ হাজার ডলারের বেশি।