চিঠি চোর!
গোপন চিঠি আসবে বাড়িতে—এই ভয়ে কতই না দুরুদুরু করত বুক। তার পরও কায়দা-কসরত, যেন কোনোভাবেই বড়দের হাতে না পড়ে সেই চিঠি। আর কোনো রকমে সেই কাঙ্ক্ষিত চিঠি হাতে পৌঁছে গেলেই যেন এক উঠোন আনন্দ। কিন্তু সেই চিঠি যদি দিনের পর দিন হাতে আসার আগেই ডাকপিয়ন চুরি করে ফেলে, তাহলে কেমন লাগবে!
সেই এক উঠোন আনন্দ যে উঠোনজুড়ে বিষণ্নতার সৃষ্টি করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনই একটি ঘটনা ঘটেছে ফ্রান্সে। এক দশকেরও বেশি সময় ধরে ডাকঘরে আসা ১৩ হাজার চিঠি চুরির দায়ে ফ্রান্সে আজ বৃহস্পতিবার এক ডাকপিয়নকে অর্থদণ্ডসহ ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
আজ বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়, বর্তমানে অবসরপ্রাপ্ত সেই ডাকপিয়ন ২০০১ সাল থেকে ১৩ হাজার ৬৯৪টি চিঠি চুরি করে নিজের বাসার চিলেকোঠার সংগ্রহশালায় রেখে দিয়েছিলেন। অনেক প্রাপক ও প্রেরকের অভিযোগের ভিত্তিতে তাঁর কাছ থেকে চিঠিগুলো পাওয়া যায়। এই অপরাধে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও সাড়ে তিন লাখ টাকার (সাড়ে চার হাজার ডলার) মতো জরিমানা করেছেন।
পুলিশ জানায়, ওই ডাকপিয়নের চিলেকোঠা থেকে উদ্ধার করা ১৩ হাজার ৬৯৪টি চিঠির বেশির ভাগই এখন পর্যন্ত খোলা হয়নি। আর প্রায় ছয় হাজার পোস্টকার্ড রয়েছে সেখানে।
ওই ডাকপিয়নের আইনজীবী ডেভিড জেনেমেয়ার জানান, তিনি আসলে মানসিকভাবে অসুস্থ। চিঠির খামের রং ও খামের আকৃতি তাঁকে বেশ আকর্ষণ করত। যদি চিঠির ভেতরে থাকা টাকা চুরি করার উদ্দেশ্যে তিনি চিঠিগুলো চুরি করতেন, তাহলে এতদিন তিনি চিঠিগুলো খুলতেন। কিন্তু তা তিনি করেননি।