চিঠি বিলি করা সেই হাতে রক্তের নহর

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের শিরশ্ছেদকারী হয়ে ওঠার আগে নিতান্ত সাধারণ মানুষ ছিলেন হ্যারি সারফো। ঘানার বংশোদ্ভূত এই জার্মান নাগরিক ডাকপিয়ন হিসেবে কর্মজীবন শুরু করেন। ডাকাতির এক মামলায় কারাগারে গিয়ে আল-কায়েদার কর্মী সংগ্রহকারীর সঙ্গে পরিচয়। ‘তাওহিদ ও জিহাদের দীক্ষা’ নেন তিনি। পরে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন। হয়ে ওঠেন শিরশ্ছেদকারী। নানা জনের চিঠি বিলি করা হাতে বইতে থাকে রক্তের নহর।
সারফো ২০ বছর বয়সে লন্ডনে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। তাঁর নাম হয়ে যায় বিলাল। তিনি লন্ডনের লেটন সিক্সথ ফরম কলেজের পাট চুকিয়ে উচ্চশিক্ষার জন্য নিউহাম কলেজ ফর ফরেন এডুকেশনে ভর্তি হন।

সন্ত্রাসী তৎপরতায় যোগ দেওয়ার অভিযোগের এক মামলায় তিন বছর ধরে সারফো জার্মানিতে বন্দী। দেশটির ফেডারেল পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, হ্যারি সারফোর বিরুদ্ধে ছয়টি হত্যা ও মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। হামবুর্গের বিশেষ স্টেট সিকিউরিটি আদালতে মামলার বিচারকাজ চলছে।
ডাকপিয়ন যেভাবে আইএসে
হ্যারি লন্ডনের রয়্যাল মেইলের একজন ডাকপিয়ন হিসেবে কর্মজীবন শুরু করেন। সারফোর শৈশব ছিল অনিশ্চিত। কারণ বাবা তাদের পরিবার ছেড়ে চলে যান। নয় বছর বয়সে জার্মানের মাধ্যমিক স্কুলে ফল ভালো করতে না পারা এবং বাবার চলে যাওয়ার কারণে কিশোর হ্যারি জার্মানের ব্রেমেন থেকে চলে যান লন্ডনে। সেখানে ২০০৫ সালের সেপ্টেম্বরে লন্ডনের লেটন সিক্সথ ফরম কলেজে পড়াশোনা শুরু করেন। উচ্চশিক্ষার জন্য নিউহাম কলেজ ফর ফরেন এডুকেশনে ভর্তি হন। সারফো সেখানকার ইসলামিক সোসাইটি আয়োজিত বিভিন্ন আনুষ্ঠানিক আলোচনা ও বিতর্কগুলো শুনতে যেত।
সারফো এরপর তিন বছর নিউহাম কলেজে পড়তে যান। এখানে বাংলাদেশি বংশোদ্ভূত এক সবচেয়ে ভালো বন্ধু পেয়ে যান। ওই বন্ধুর সঙ্গে মেলমেশার পরই ধর্ম ও ধর্ম সম্পর্কিত বিতর্কগুলোতে সারফোর যাতায়াত বেড়ে যায়। ‘ওই সময়ে ইসলাম ধর্ম আমার হৃদয়ে নাড়া দিতে শুরু করে’—বলছিলেন সারফো। তিনি বলেন, আমি ২০ বছর বয়সে ইস্ট লন্ডনের ছোট একটি মসজিদে ইসলাম গ্রহণ করেছিলাম। সেখানে আমার অনেক বন্ধু উপস্থিত ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তার নাম হয় বিলাল।
সেই সময় অর্থাৎ ২০১২ সালে নর্থ লন্ডনে থাকতেন হ্যারি সারফো। হোলোওয়ে এলাকায় রয়েল মেইলে ডাকপিয়ন হিসেবে কাজ শুরু করেন তিনি। সারফো, এরই মধ্য সপ্তাহের বন্ধের দিনে যুবসমাজের বিভিন্ন গ্রুপে ‘অপরাধ ও জীবনযাত্রার জীবন সম্পর্কে’ আলোচনা শুনতেন অংশ নিতেন। অপরাধী না হয়ে কীভাবে নিজেদের জীবন যাপন করা উচিত, তা-ও আলোচনা চলত সেখানে।

জার্মানিতে একটি সুপারমার্কেটে সশস্ত্র ডাকাতিতে জড়িত থাকার দায়ে ২০১০ সালে দুই বছরের সাজা হয় সারফোর। কারাগারে সন্ত্রাসী সংগঠন আল কায়েদার একজন কর্মী সংগ্রহকারীর সঙ্গে সাক্ষাৎ হয় হ্যারি সারফোর। সেখানেই তিনি ‘তাওহিদ ও জিহাদের মতাদর্শে দীক্ষা’ নেন। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর চরমপন্থী একটি মসজিদে যাতায়াত বেড়ে যায় সারফোর। সেখান থেকে পালিয়ে সিরিয়ায় যেতে চান।
২০১৪ সালের এপ্রিলে প্রথমবার সিরিয়া ঢুকতে ব্যর্থ হন। তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন। সীমান্ত দিয়ে জার্মানিতে পাঠানো হয় সারফো থেকে বিলাল হয়ে যাওয়া এই ডাকপিয়নকে।
সারফো জোর দিয়ে বলেন, ওই সময়ে তিনি আইএসে যোগ দেওয়ার চেষ্টা করেননি। ব্রিটিশ যে বন্ধু গৃহযুদ্ধের দ্বারা ক্ষতিগ্রস্ত সিরিয়ায় ‘নিয়মিত’ দাতব্য সংস্থায় কাজ করতেন, তার সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন। তার দাবি আইএসে যোগ দিতে সিরিয়া যেতে চাননি। জার্মান কর্তৃপক্ষ তার এ ‘গল্প’ বিশ্বাস করেনি। তারা পাসপোর্ট জব্দ করে তাকে নজরদারিতে রাখে। সপ্তাহে দুইবার সারফোকে একটি পুলিশ স্টেশনে দেখা করতে নির্দেশ দেওয়া হয়।
সারফো বলেছিলেন, জার্মান কর্তৃপক্ষ মনে করেছিল যে আমি সন্দেহভাজন সন্ত্রাসী ছিলাম। কিন্তু তার দাবি, তিনি চরমপন্থীদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক ছিল না। এরপর তিনি বিয়ে করে সংসারী হওয়ার চেষ্টা করেন সারফো। এরই মধ্য একদিন সারফোর এক প্রতিবেশীর বাড়িতে রাতের বেলা সশস্ত্র পুলিশ তল্লাশি চালায়। এই ব্যক্তিই সারফোকে আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ করেন। পরে ওই ব্যক্তিও সিরিয়ায় যায়।
‘আমার বন্ধু (পুলিশের তল্লাশি হওয়া বাড়ির ব্যক্তি) আমাকে বলতে থাকেন, ‘পশ্চিমে মুসলমান হলে তুমি এমনই আচরণ পাবে...তুমি কালো এবং মুসলিম, তোমার স্ত্রী বোরকা পরে, তুমি এদের কাছে কী আশা করতে পার? তারা মনে করে তুমি একজন সন্ত্রাসী। তোমার ইসলামিক স্টেটে যাওয়া উচিত, যেখানে প্রত্যেক মুসলিমের অধিকার সুরক্ষিত।’ বলছিলেন সারফো। সেই সময়, তিনি যা বলেছিলেন সবকিছুতে আচ্ছন্ন হয়ে যেতেন সারফো। তার পরামর্শ অনুসরণ করে যেতেন হ্যারি। ২০১৫ সালের এপ্রিলে সারফো সিরিয়ার গিয়ে আইএসে যোগ দেন। সেখানে তিন মাস ছিলেন। ২০১৫ সালের জুলাইয়ে সিরিয়া থেকে পালিয়ে জার্মানি আসেন সারফো। এরপরই ব্রেমান বিমানবন্দরে গ্রেপ্তার হন।
বন্দুক হাতে পালমিরায় সারফো
জার্মানির ফেডারেল পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘২০১৫ সালের মধ্য জুনে মরুর মুক্তাখ্যাত সিরিয়ার প্রাচীন নগর পালমিরার মার্কেট স্কয়ারে কথিত আইএসে হাতে বন্দী ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরে আইএসের ছয় সদস্যের স্কোয়াডের একজন ছিলেন সারফো। তিনি সেখানে হাতে পিস্তল ধরে দাঁড়িয়েছিলেন। হ্যারি সারফো দলের অন্য সদস্যদের সঙ্গে বন্দীদের ঘিরে ছিলেন এবং বন্দীরা পালানোর পথ রোধের কাজেও ছিলেন তিনি।’
সারফো সড়কের মাঝখানে একজনকে ধরে দাঁড়িয়েছিলেন, সেখানেই অন্যরা গুলি চালিয়েছেন জানিয়ে মামলা পরিচালনাকারী আইনজীবীরা বলেন, ‘পরে গোলাগুলির সময় তিনি (হ্যারি) রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। কারণ গুলির সময় যেন বুলেট তার গায়ে না লাগে। সেখানে থেকেই হ্যারি মাটিতে পড়ে থাকা লাশকে লক্ষ্যে করে গুলি চালান।’
২০১৬ সালে জানুয়ারিতে ব্রিটিশ ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী হ্যারি সারফো বলেছিলেন, তিনি তিন মাসে সেখানে থাকার সময় সন্ত্রাসী গোষ্ঠীর হয়ে কোনো লড়াই করেননি। নৃশংস ওই ঘটনা সিরিয়ায় থাকার সময় তাঁর জঘন্য স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘ওই ছয়জনকে কালাশনিকভ দিয়ে গুলি করা হয়।’ এ ঘটনার পরই একসময়ে লন্ডনের এ ডাকপিয়ন সন্ত্রাসী এই গোষ্ঠীর ‘বর্বরতা’ থেকে নিজেকে সরিয়ে নিতে পালিয়ে যান।
জার্মানি থেকে যুক্তরাজ্য আসা সারফো সিরিয়ার পালমিরায় মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিওতে ধরা পড়েন। ওয়াশিংটন পোস্ট প্রকাশিত ওই হত্যার দৃশ্য দেখা গেছে, অস্ট্রিয়ার আইএস যোদ্ধা মোহাম্মদ মাহমুদ এবং জার্মান জঙ্গি ইয়ামিন আবুউ-জান্দের নেতৃত্বে একটি দলের সঙ্গে আছেন সারফো।
সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরায় বন্দীদের মৃতদেহসহ দেখানো আইএস প্রচারিত এক ভিডিওতে লন্ডনের এই ডাকপিয়নকে দেখা গেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, পালমিরায় আইএসের পোশাক পরে থাকা অবস্থায় সারফোকে দেখা গেছে। সারফো একটি প্রাচীরের পাশে দাঁড়িয়ে আছেন আর বন্দীদের লক্ষ৵ করে অবিরাম গুলি চলছে। তিনি তখন পিস্তল দিয়ে গুলি করছেন। তিনি যাকে গুলি করছেন মাটিতে পড়ে থাকা ওই ব্যক্তি আগেই মারা গেছেন কি না, তা স্পষ্ট নয়।
নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন সিরিয়ার সেনাবাহিনীর সদস্য। ষষ্ঠ ব্যক্তি ছিলেন সুন্নি ধর্মপ্রচারক যিনি আইএসের দ্বারা অভিযুক্ত ছিলেন। যদিও আইএস নিজেদের সুন্নি মুসলমানদের প্রতিনিধিত্ব করার দাবি করে। হত্যার এই ভিডিও ফুটেজ আইএসের ভেতর থেকেই একটি উৎসের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
কারাগারে যাওয়ার পর থেকে সারফো আইএসের মতাদর্শের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। তিনি এখন বলছেন, উগ্রবাদের ঝুঁকিতে থাকা যুবক-যুবতীদের সঙ্গে কাজ করতেই সিরিয়ার গিয়েছিলেন।
আইনজীবীর মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি সারফো বলেন, ‘আমি উপলব্ধি করেছি, তারা (আইএস) ইসলামিক হওয়ার দাবি করলেও তাদের কাজ অনৈসলামিক। আমি বুজেছি, এটি স্বর্গের পথ নয়, এটি নরকের পথ।’
গত বছরের জুলাইয়ে হ্যারি সারফোকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার জন্য তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জার্মান কৌশলীরা যুদ্ধাপরাধের অভিযোগে হ্যারি সারফোর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এ মামলাটি চলছে।
সারফো সিরিয়ায় আইএসের বিশেষ বাহিনীতে প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু কোনো অপারেশনে অংশ নেওয়ার আগেই পালিয়েছেন। তাঁর দাবি, তিনি কাউকে হত্যা করেননি এবং ইউরোপে সন্ত্রাসী হামলা শুরুর কথাও অস্বীকার করেন তিনি।
*ইন্ডিপেনডেন্ট অবলম্বনে রাশেদুল আলম