চুক্তি হয়েছে, ইউরোজোন থেকে বাদ পড়ছে না গ্রিস
টানা ১৭ ঘণ্টার আলোচনা শেষে ইউরোজোনের নেতারা গ্রিসের আর্থিক পুনরুদ্ধার (বেইল আউট) বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এর ফলে ইউরোজোন থেকে গ্রিসের বিদায় হওয়ার যে আশঙ্কা ছিল সেটি আর হচ্ছে না। খবর এএফপির।
আলোচনা শেষে ৮৬ বিলিয়ন ইউরোর জন্য তিন বছরের সংস্কার প্রস্তাব গ্রহণ করছে আন্তর্জাতিক দাতারা। বিগত পাঁচ বছরের মধ্যে এটি গ্রিসের তৃতীয় আর্থিক পুনরুদ্ধার কর্মসূচি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক টুইটার এ সম্পর্কিত একটি বার্তা দেন। তিনি বলেন, গ্রিসকে আর্থিক সহায়তা দিতে এখন সবাই প্রস্তুত।
ঋণ পেতে আইএমএফসহ আন্তর্জাতিক দাতাদের কাছে গ্রিস সরকার নতুন কঠোর সংস্কার প্রস্তাব দেয় গত সপ্তাহে। এ প্রস্তাবে গত শনিবার সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্ট। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের নিজ দলের একাংশের বিরোধিতার মুখেই ইউরোপপন্থী বিরোধী দলগুলোর সমর্থনে পাস হয় প্রস্তাবটি।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা প্রধানমন্ত্রী সিপ্রাসের দেওয়া প্রস্তাবকে ‘বিশদ’ বলে অভিহিত করে এর প্রতি অনুকূল মনোভাব প্রকাশ করেছিলেন আগেই।
নতুন চুক্তির বিস্তারিত এখনো পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নতুন চুক্তিটি গ্রিসকে দেওয়া আগের প্রস্তাবের চেয়েও কঠোর হবে।
গ্রিস সরকারের একজন কর্মকর্তা বলেন, ইউরো অর্থমন্ত্রীদের সভায় গতকাল হওয়া চুক্তির খসড়াটি ‘খুব খারাপ’ ছিল, এর ফলে তাঁরা গ্রিসের বেশির ভাগ আর্থিক প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে।
ফিনল্যান্ডের অর্থমন্ত্রী অ্যালেক্স স্টাব বলেন, এথেন্সকে এখন থেকে শ্রম আইন ও পেনশন, ভ্যাট ও ট্যাক্স এবং বেসরকারিকরণের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।