চূড়ান্ত টিভি বিতর্কে ম্যাখোঁ 'বিজয়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য ডানপন্থী প্রার্থী ইমানুয়েল ম্যাখোঁ প্রতিদ্বন্দ্বীদের টেলিভিশন বিতর্কে জয়ী হয়েছেন। গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত বিতর্কের পর দর্শকদের ওপর পরিচালিত এক জনমত জরিপে এমন ফলাফল মিলেছে। দুই ঘণ্টার বেশি সময়ের ওই বিতর্কে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তাঁরা সন্ত্রাসবাদ, অর্থনীতি এবং ইউরোপ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএমটিভির জরিপে দেখা যায়, ভোটার-দর্শকেরা কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লো পেনের বক্তব্যের তুলনায় ম্যাখোঁর বক্তব্য বেশি পছন্দ করেছেন। ৬৩ শতাংশ দর্শক ম্যাখোঁর বক্তব্যকে ‘সবচেয়ে সন্তোষজনক’ মনে করেছেন। প্রথম দফায় এ দুজনই সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। সেবার কেউই একক সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় লো পেন ও ম্যাখোঁর মধ্যে রোববার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।

ফ্রান্সে এই প্রথম মূলধারার বড় দুই রাজনৈতিক দলের প্রার্থী ছাড়া প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। ম্যাখোঁ এবং লো পেন—দুজনেই দোদুল্যমান ভোটারদের সমর্থন আশা করছেন।

জনমত জরিপে অভিবাসন ও ইসলামবিরোধী লো পেন এখন ম্যাখোঁর তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছেন। হয়তো সে কারণেই তিনি বুধবারের টিভি বিতর্কে ন্যাশনাল ফ্রন্ট নেত্রীর বিরুদ্ধে চরম আক্রমণাত্মক ভূমিকা নেন। জবাবে ম্যাখোঁ একে একে লো পেনের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করেন—বিশেষত অর্থনীতি এবং ইউরো বিষয়ের কথাবার্তায়। বিতর্কের প্রভাবে দুজনের জনপ্রিয়তায় তেমন পরিবর্তন ঘটেনি বলেই মনে করা হচ্ছে।

জনমত জরিপে সততা, মূল্যবোধ এবং পরিকল্পনায় পারদর্শিতা বিবেচনায়ও ম্যাখোঁ তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে বহু এগিয়ে আছেন।

দুই মেরুর দুই প্রার্থী

লো পেন এবং ম্যাখোঁর রাজনৈতিক আদর্শের বিস্তর ফারাক। মধ্যপন্থী ম্যাখোঁ বিশ্বায়নের সমর্থক এবং তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঐক্যের পক্ষে কাজ করেন। অন্যদিকে ৬৪ বছর বয়সী লো পেন উগ্র জাতীয়তাবাদী রাজনীতি করেন। তিনি ‘ফ্রান্সের স্বার্থ আগে’ নীতিতে বিশ্বাসী। সাম্প্রতিক এক জনসভায় সমর্থকদের উদ্দেশে লো পেন বলেছেন, ‘ম্যাখোঁ যে দেশ চাইছেন, তা ফ্রান্স নয় বরং এমন একটা পতিত জায়গা, যেখানে শুধুই ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা থাকবে।’

আর ম্যাখোঁ বলেছেন, ‘আমি হব আমাদের দেশ এবং ইউরোপের আশার কণ্ঠ।’

৩৯ বছর বয়সী সাবেক ব্যাংকার ম্যাখোঁ আগে কখনো নির্বাচনে প্রার্থী হননি। তিনি মাত্র এক বছর আগে রাজনীতি শুরু করেন। বিজয়ী হলে তিনি হবেন ফ্রান্সের সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট।