ফ্রান্সের ক্যালেতে গত মঙ্গলবার রাতে অন্তত দুই হাজার অভিবাসী যুক্তরাজ্য ও ফ্রান্সকে সংযুক্তকারী চ্যানেল টানেলে প্রবেশের চেষ্টা করে। এ সময় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। ফরাসি পুলিশ গতকাল বুধবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
অভিবাসী-সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের সরকার যা করা দরকার করবে, দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের এমন অঙ্গীকার ঘোষণার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।
পুলিশ সূত্র জানিয়েছে, একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সুদানি বংশোদ্ভূত এক যুবকের মৃত্যু হয়। গত জুন থেকে এ নিয়ে এ পর্যন্ত চ্যানেল টানেল টার্মিনাল এলাকায় নয়জনের মৃত্যু হলো।
ফরাসি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, মঙ্গলবার রাতভর প্রায় দুই হাজার অভিবাসী টানেলে প্রবেশের চেষ্টা করে। গত দেড় মাসের মধ্যে এটিই এত বেশিসংখ্যক অভিবাসীর যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা। গতকাল সকালেও বন্দর এলাকায় ৫০০ থেকে ১০০০ অভিবাসীকে ঘোরাফেরা করতে দেখা যায়।
মঙ্গলবার সিঙ্গাপুরে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, অভিবাসীদের এই সংকট নিয়ে শিগগিরই তাঁর সরকারের জরুরি কমিটি কোবরা বৈঠকে বসবে। তিনি আরও বলেন, ‘ক্যালে বন্দর দিয়ে অভিবাসীদের চ্যানেল টানেলে প্রবেশ ঠেকাতে ফ্রান্সকে আমরা সর্বাত্মক সহযোগিতা দিতে চাই।’
গত মাসের শেষের দিকে ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় হুড়োহুড়ি করে ট্রাকে ওঠে বহু অভিবাসী। স্থানীয় ফেরিকর্মীদের ধর্মঘটের কারণে সৃষ্ট অচলাবস্থার সুযোগ নেওয়ার চেষ্টা করে তারা। যানজটে পড়া ট্রাকগুলোতে চড়ে ইংলিশ চ্যানেলের তলা দিয়ে নির্মিত ওই টানেল হয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করে অভিবাসীরা। তখন থেকেই বন্দর এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।