ছায়াযুদ্ধের আশঙ্কা রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া নিয়ে রুশ-মার্কিন উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধকবলিত দেশটিতে বিশেষ বাহিনীর সদস্য পাঠানোর ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, এতে মধ্যপ্রাচ্যে ‘ছায়াযুদ্ধ’ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। খবর বিবিসির।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে বিমান হামলা চালিয়ে গেলেও এই প্রথম মার্কিন সেনারা সে দেশে প্রকাশ্য কার্যক্রমে অংশ নেবেন। তাঁরা আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরীয় বিদ্রোহীদের সহযোগিতা করবেন বলে যুক্তরাষ্ট্র দাবি করছে। কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, এটি ছায়াযুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, সিরিয়ার সরকারের সঙ্গে কোনো যোগাযোগ না করে একতরফাভাবে সেখানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই ছায়াযুদ্ধ চায় না। তবে পরিস্থিতি এমন রূপ নিয়েছে যে, দুই পক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সিরিয়ায় সরকারবিরোধী বাহিনীকে ‘প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা’ দেওয়ার লক্ষ্যে সেনা পাঠানো হবে। তবে তাঁদের সংখ্যা ‘৫০ জনের কম’ হবে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সিরিয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনার পর লাভরভ ওই বক্তব্য দেন। ওই বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যৎ নির্ধারণের ব্যাপারে বিশ্বশক্তিগুলোর মধ্যে মতৈক্য হয়নি। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বাশারকে সরিয়ে দিতে চাইলেও তাতে রাজি হয়নি ইরান ও রাশিয়া।
সিরিয়ায় আরও সেনা পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক এক জোটের সেনারা এক বছরের বেশি সময় ধরে আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় মূলত সিরিয়ার উত্তরাঞ্চল এবং প্রতিবেশী দেশ ইরাকের কয়েকটি অংশে বোমাবর্ষণ করা হচ্ছে।
মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা সিরিয়ায় এর আগে অন্তত দুটি অভিযানে অংশ নিয়েছে।
এদিকে রয়টার্স জানায়, সিরিয়ার গৃহযুদ্ধে মস্কোর হস্তক্ষেপের অনাকাঙ্ক্ষিত পরিণামে মধ্যপ্রাচ্যের সুন্নি মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সিরীয় প্রেসিডেন্ট বাশারের সমর্থনে দেশটিতে চলমান রুশ হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বাহরাইনের রাজধানী মানামায় এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে গতকাল শনিবার এ বক্তব্য দেন।
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট সিরীয় বিদ্রোহীরা গতকাল আইএসের বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় হাসাকা প্রদেশে নতুন লড়াই শুরু করার ঘোষণা দিয়েছে।