ছেলেকে কারাগারে ফিরিয়ে দিলেন মা
ইউক্রেনের সংঘাতময় পূর্বাঞ্চলীয় দোনেতস্কে কড়া প্রহরাধীন কারাগারে চালানো মর্টার হামলার একপর্যায়ে আতঙ্কিত হয়ে কারাগার থেকে পালিয়েছিল কিশোরটি। এর কয়েক ঘণ্টা পরই মা তাকে আবার কারাগারে ফিরিয়ে দেন।
গতকাল সোমবার এএফপির খবরে জানানো হয়, মা নাতালিয়া নিকিতেঙ্কো বলেন, ‘আইন ছাড়া আমরা বাঁচব কী করে? তাই ছেলেকে অনুরোধ করে ফিরিয়ে এনেছি।’
গাড়ি চুরির অপরাধে ছেলেটি চার বছর ধরে কারাগারে রয়েছে। সোমবার কারাগারে মর্টারের গোলা ছোড়া শুরু হলে একপর্যায়ে আতঙ্কিত হয়ে সে পালিয়ে যায়।
কারাগার সূত্র জানায়, দোনেেস্ক মর্টারের গোলায় একজন বন্দী নিহত ও কয়েকজন আহত হন। এ সময় বেশ কয়েকজন বন্দী পালিয়ে গেছে। তাদের খোঁজ করার চেষ্টা চলছে। তবে গতকাল সোমবার তাদের মধ্যে ৩৪ জন ফিরে এসেছে।
গতকাল সোমবার কারাগারের ফটক খোলা ছিল। সেখানে একজন বন্দুকধারী গুলি ছোড়ে। কারাগার প্রাঙ্গণে মর্টার হামলায় ৫০ সেন্টিমিটার গভীর একটি গর্ত তৈরি হয়েছে।
গত কয়েক দিনে দোনেেস্কর কেন্দ্রে বিদ্রোহী দমন করতে ইউক্রেনের সেনাবাহিনী ভারী গোলাবর্ষণ করছে। এতে হাসপাতাল ও বাড়িগুলোতে কয়েকজন নাগরিক আহত হয়। গত চার মাসের সহিংসতায় ইউক্রেনে এক হাজার ৩০০ জন নিহত হয়।