ছেলের দৃষ্টিশক্তি ফেরাতে মা-বাবা বানালেন বিশেষ চশমা
হাঁটতে শেখার পর থেকেই চোখে কম দেখার সমস্যাটা দেখা দিয়েছিল দুই বছরের শিশু বিয়েলের। হাঁটতে গেলেই হোঁচট খেয়ে পড়ে, সিঁড়ি বেয়ে উঠতেও সমস্যা হতো তার। চিকিত্সকের কাছে গিয়ে মা-বাবা জানলেন, এর সমাধান প্রচলিত চিকিৎসায় পাওয়া কঠিন। শেষে মা–বাবা মিলেই লেগে পড়লেন সন্তানের দৃষ্টিশক্তি ফেরাতে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, চোখের দুরারোগ্য এক অসুখে ভুগছে বিয়েল। চিকিত্সাবিজ্ঞানে এর সহজ সমাধান নেই। চিকিত্সকেরা জানিয়েছিলেন, বিয়েলের দৃষ্টিশক্তি অনেক কম। আর দশটি সাধারণ চোখের রোগের মতো নয় এটি। তাই চশমা বা অস্ত্রোপচারে এর সমাধান নেই।
চিকিত্সরা আরও জানান, চোখের একটি স্নায়ুর সমস্যার কারণে এমনটি হতে পারে। এ ছাড়া বিয়েলের রেটিনা, মস্তিষ্ক বা চোখের অন্য সমস্যার জন্যও এমনটি হয়ে থাকতে পারে। দৃষ্টিশক্তি কমার পেছনের অন্য কারণগুলোর মধ্যে গ্লুকোমা বা পেশির ক্ষয়ের মতো বিষয়গুলো থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল।
পরে ২০১৭ সালে কোনো উপায় না পেয়ে বিয়েলের বাবা জাউমা পুজ ও মা কনস্টানজা লুসেরো নিজেরাই লড়াইয়ের মাঠে নামেন। স্পেনের নাগরিক তাঁরা। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জাউমা, চিকিত্সক স্ত্রী কনস্টানজাকে নিয়ে তৈরি করে ফেলেছেন উচ্চ প্রযুক্তির একধরনের বিশেষ চশমা। ছেলের নাম অনুসারে এর নাম রেখেছেন তাঁরা ‘বিয়েল গ্লাস’।
এএফপিকে পুজ বলেন, ‘কম দৃষ্টিশক্তিসম্পন্নদের জন্য ছড়ি আর গাইড কুকুর ছাড়া আর কিছুই নেই। আমরা এ বিষয়টি নিয়ে কাজ শুরু করি।’ এখন বিয়েলের বয়স আট বছর বলে জানান পুজ। তিনি আরও বলেন, ‘আমরা তাকে সুস্থ করতে পারব না, কিন্তু কিছুটা সাহায্য করতে পারব।’
গেমিং গগলস্ ও চশমার সমন্বয়ে নতুন যন্ত্রটি তৈরি করেছেন বিয়েলের মা–বাবা। এতে একটি ডিসপ্লে রয়েছে। সেখানে চশমার সামনে থাকা লেখা, ছবি ও ভিডিওগুলো প্রযুক্তির সহায়তায় ফুটিয়ে তোলা হয়। চলার পথে নানা বাধাগুলোও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় চশমাটিতে।
চশমাটি পরে চলার পথে কোনো বাধা এলে ডিসপ্লেতে লাল একটি বৃত্ত দেখা যায়। এর ফলে আগে থেকেই সতর্ক হওয়া যাবে। চশমাটিতে রাস্তার বিভিন্ন সংকেত ও অন্য জিনিসগুলোও জুম করে দেখার সুবিধা আছে।
চশমাটি তৈরিতে খরচ হয়েছে ৯ লাখ ইউরো। এর মধ্যে ৬৫ হাজার ইউরো দিয়েছেন জাউমা পুজ ও কনস্টানজা লুসেরো। বাকিটা এসেছে নানা প্রতিষ্ঠান ও বিভিন্ন তহবিল থেকে। এই বিশেষ চশমা তৈরিতে সহায়তা দিয়েছেন আরও কয়েকজন চিকিৎসক ও প্রকৌশলী। চলতি বছরের শেষের দিকে চশমাটি স্পেন ও ডেনমার্কের বাজারে বাণিজ্যিকভাবে আসতে পারে বলে আশা করা হচ্ছে।