ছোট অপরাধী থেকে ঠান্ডা মাথার খুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ বছর বয়সী ওমর ইসমাইল মোস্তফেকে ছোটখাটো অপরাধী হিসেবে চিনত পুলিশ। প্যারিসে শুক্রবারের হামলায় জড়িত প্রথম বন্দুকধারী হিসেবে তাঁকেই শনাক্ত করা হয়েছে। তিনি আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক।
বাতাক্লঁ মিলনায়তনে ৮৯ জনকে হত্যা করে তিন বন্দুকধারী। তাদেরই একজন মোস্তফে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সেখানে ভাঙা জিনিসপত্রের মধ্যে পড়েছিল তাঁর একটি আঙুল। সেই সূত্র ধরেই তাঁকে শনাক্ত করেছে পুলিশ। কে এই যুবক?

>মোস্তফের ভাই ওই সহিংসতা সম্পর্কে বলেন, ‘এটা উন্মাদনা, এটা পাগলামি। গতকাল আমি প্যারিসে ছিলাম। দেখেছি কতটা বিশৃঙ্খলা হয়েছিল সেখানে

প্যারিস থেকে ২৫ কিলোমিটার দক্ষিণের কুখ্কুহন শহরতলিতে ১৯৮৫ সালের ২১ নভেম্বর তাঁর জন্ম। পুলিশের খাতার তথ্য, ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ছোটখাটো অপরাধের ঘটনায় আটবার দোষী সাব্যস্ত হয়েছিলেন মোস্তফে। তবে কারাদণ্ড হয়নি কখনো। প্যারিসের আইন কর্মকর্তা ফ্রাঁসোয়া মলাঁ বলেন, মোস্তফে চরমপন্থার দিকে ঝুঁকতে পারেন—এমন আশঙ্কা আগে থেকেই ছিল। তবে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ বা হামলার ষড়যন্ত্রে তিনি আগে কখনো জড়াননি।
মোস্তফের বাবা ও ৩৪ বছর বয়সী বড় ভাইসহ ছয় ঘনিষ্ঠজনকে শনিবার রাতেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বাড়িঘরে তল্লাশি হয়েছে। মোস্তফের ভাই ওই সহিংসতা সম্পর্কে বলেন, ‘এটা উন্মাদনা, এটা পাগলামি। গতকাল আমি প্যারিসে ছিলাম। দেখেছি কতটা বিশৃঙ্খলা হয়েছিল সেখানে।’
হামলায় মোস্তফের জড়িত থাকার বিষয়টি জানতে পেরে তাঁর ভাই ও দুই বোন পুলিশে খবর দেন। তাঁরা বেশ কয়েক বছর ধরেই মোস্তফের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেন। তবে তাঁরা কখনো ভাবতে পারেননি, মোস্তফে এতটা কট্টরপন্থী হয়ে পড়বেন। সর্বশেষ তিনি নিজের পরিবারকে নিয়ে আলজেরিয়ায় গেছেন—এই খবর পেয়েছেন তাঁর ভাই-বোনেরা। আর তাঁর মাও এর বেশি কিছু জানেন না।
পুলিশ জানায়, মোস্তফে গত বছর সিরিয়া গিয়েছিলেন কি না, সেই অনুসন্ধান করছেন তদন্তকারী কর্মকর্তারা।
পুলিশ জানায়, শুক্রবারের হামলায় ১২৯ জন নিহত ও ৩৫২ জন আহত হয়েছে। আহত ৯৯ জনের জীবনের আশঙ্কা রয়েছে। প্যারিসের ইতিহাসে এটি সবচেয়ে বড় সহিংসতা।
সূত্র: এএফপি।